প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
পদ্মা নদীতে নিখোঁজ দুজনের একজনের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুজনের মধ্যে মারুফ(৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ব্যক্তির সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নামেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫) নিখোঁজ হন। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। পরে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত