প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
পদ্মা সেতুর মাওয়া টোল বুথে টাকা চুরির চেষ্টাকালে আটক ২
মো. মানিক মিয়া, লৌহজং
মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সেতু কর্তৃপক্ষ। বুধবার দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে মাওয়া টোল প্লাজারের ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার সোহান (২৪) ও ইসমাইল (৩০)।
সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুরে টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করেন ওই দুই যুবক। এ সময় একজন টোল বুথে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করেন এবং অপরজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেন।
বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। পরে সিসিটিভি ফুটেজেও চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হওয়ায় তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, টোল বুথে টাকা চুরির চেষ্টার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত