একসময় মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রামীণ জনপদে সারি সারি ভেন্না (ক্যাস্টর) গাছ দেখা যেতো। এখন সেই ভেন্না গাছ এখন বিলুপ্তির পথে। বহুমুখী গুণসম্পন্ন ক্যাস্টর অয়েলের উৎস এই ভেন্না গাছ, কালের বিবর্তনে এবং আধুনিক তেলের সহজলভ্যতার কারণে তার ঐতিহ্য ও গুরুত্ব হারাচ্ছে।
স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে আসে। এর তেল কেবল রান্নার কাজেই ব্যবহৃত হতো না, বরং বিভিন্ন ভেষজ গুণাগুণের জন্যও এর কদর ছিল। ত্বকের পরিচর্যা থেকে শুরু করে বাতের ব্যথা উপশমে, এমনকি চুলের যত্নেও ক্যাস্টর অয়েলের ব্যবহার ছিল ব্যাপক। এছাড়াও এটি শিল্প কারখানায় লুব্রিকেন্ট হিসেবে এবং সাবান তৈরিতেও ব্যবহৃত হতো। জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের শহীদ শেখ বলেন, একসময় আমার বাড়ির চারপাশে অনেক ভেন্না গাছ ছিল। আমার বাবা ভেন্না বীজ তেল কলে নিয়ে গেলে তার পরিবর্তে অর্ধেক তেল পেতেন। এখন আর তেমন ভেন্না গাছ চোখে পড়ে না।
আধুনিক যুগে সরিষা, সয়াবিন ও পাম তেলের মতো ভোজ্য তেলের সহজলভ্যতা এবং অধিক উৎপাদনের দিকে মনোযোগ দেওয়ায় কৃষকরা ভেন্না চাষে আগ্রহ হারিয়ে ফেলেন। এর ফলে, এক সময়ের পরিচিত এই গাছটি এখন শ্রীনগরের প্রত্যন্ত অঞ্চলেও চোখে পড়ে না বললেই চলে। অযত্ন আর অবহেলার শিকার হয়ে বিলুপ্ত হতে চলেছে এই সম্ভাবনাময় ফসল।
বিশেষজ্ঞরা মনে করেন, ভেন্না চাষকে পুনরায় উৎসাহিত করা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। স্বল্প খরচে এবং তুলনামূলকভাবে কম পরিচর্যায় ভেন্না উৎপাদন সম্ভব। এর চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে তা একদিকে যেমন তেল আমদানির ওপর চাপ কমাবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পরিবেশগত দিক থেকেও ভেন্না গাছ উপকারী, কারণ এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।
কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উচিত ভেন্না চাষের গুরুত্ব অনুধাবন করে এর বিলুপ্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ভেন্না চাষে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত জাতের বীজ সরবরাহ এবং প্রণোদনার ব্যবস্থা করা গেলে এই ঐতিহ্যবাহী তেল ফসলকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো সম্ভব হবে, যা ভবিষ্যতে দেশের তেলের চাহিদা পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।#