মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের আচরণ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইব্রাহিম।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আইনশৃঙ্খলা, শিক্ষাবান্ধব পরিবেশ, মাদক, সহিংসতা, সামাজিক অবক্ষয় ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।
সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু লেখাপড়ার জায়গা নয়,এটি মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের কারখানা। এই বয়সে শিক্ষার্থীরা সহজেই নানা নেতিবাচক প্রভাবের শিকার হতে পারে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা, উৎসাহ এবং মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন চায়, শিক্ষার্থীরা যেন ভয়ভীতি ছাড়াই নিজেদের গড়ে তুলতে পারে,তাদের মেধা, মনন ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হোক। আপনারাই আগামী দিনের নেতৃত্ব দিবেন,সেই নেতৃত্ব যেন আদর্শিক, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং মানবিক গুণে পরিপূর্ণ হয়। এজন্য শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের শিক্ষা ও নৈতিকতার চর্চাও গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের ইতিবাচক ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মিয়া মো. ফরিদ উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ওমর ফারুক রিগ্যান, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুরাদ, রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, এমদাদ মিয়া, রিয়াদ মোল্লা ও ইলিয়াস চৌধুরী প্রমুখ।#