পথচারীদের নিরাপত্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় পাঁচটি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে সড়ক ও জনপদ। তবে স্থানীয়দের অভিযোগ রাতে আলোর ব্যবস্থা না থাকায় ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করতে পারেন না তারা। এগুলো এখন দিনের বেলার ফুটওভার ব্রিজ হিসেবে পরিচিতি পেয়েছে।
খবর নিয়ে জানা যায়, জামালদী বাস স্ট্যান্ড, ভাটেরচর বাস স্ট্যান্ড, ভাটেরচর নতুন রাস্তা, ভবেরচর বাস স্ট্যান্ড এবং বাউশিয়া পাখির মোড় এলাকায় পাঁচটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপদ। রাতে ঘুটঘুটে অন্ধকারে ফুটওভার ব্রিজগুলোতে ছিনতাইকারী, ভাসমান পতিতা ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে। বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা সামনে আসার পর উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার ফুটওভার ব্রিজগুলোতে আলোর ব্যবস্থা করার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি এখনো।
সরেজমিনে গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজে গিয়ে দেখা যায় সেখানে আলোর ব্যবস্থা নেই। ব্রিজের মাঝ বরাবর একজন এবং উপরে ওঠার সিঁড়িতে এক যুবক দাঁড়িয়ে আছে। সন্ধ্যা সাতটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে গিয়ে দেখা যায় সেখানে আলো নেই, লোকজন অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে ফুটওভার ব্রিজ পার হচ্ছেন।
রবিউল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, গত কয়েক মাস আগে রাত তিনটার দিকে আমি ঢাকা থেকে জামালদী বাস স্ট্যান্ডে এসে নামি। ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একদল ছিনতাইকারী আমার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। ফুটওভার ব্রিজে আলো নাই। কোটি টাকা খরচ করে ব্রিজ বানাতে পেরেছে অথচ সেখানে রাতে পথ চলার জন্য বৈদ্যুতিক বাতি এবং ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে পারে নাই কর্তৃপক্ষ।
অপর আরেক ভুক্তভোগী শ্যামল প্রধান বলেন, আমি মেঘনা কাউন্টার এলাকার ফ্রেশ ইন্ডাস্ট্রিতে কাজ করি। একদিন ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের উপর দুজন ছিনতাইকারী আমার গতিরোধ করে। তাদের হাতে ধারালো ছুরি ছিল। তারা আমার সাথে থাকা মোবাইল ফোন এবং টাকা পয়সা দিয়ে দিতে বলে। আমি তাদের কথামত সেগুলো দিয়ে দেই। তা না হলে তারা আমাকে ছুরি দিয়ে আঘাত করত। ফুটওভার ব্রিজটিতে আলো না থাকায় ঘুঁটঘুটে অন্ধকার ছিল। যদি আলো থাকতো তাহলে হয়তো ছিনতাইকারীরা এভাবে অপতৎপরতা চালাতে পারত না’।
বাউশিয়া ফরাজীকান্দি এলাকার বাসিন্দা নজরুল বলেন, বাউশিয়া পাখির মোড় জায়গাটি এমনিতেই নীরব। সন্ধ্যা হলে সেখানে জনগণের চলাচল আরো সীমিত হয়ে যায়। রাস্তা পারাপার হওয়ার জন্য একটি ফুটওভার ব্রিজ থাকলেও সন্ধ্যার পর সেখানে আলো না থাকায় আমরা সেটি রাতের বেলায় ব্যবহার করি না। শুধুমাত্র দিনের বেলায় ফুটওভার ব্রিজটি ব্যবহার করা হয়’।
স্থানীয় বাসিন্দা রমজান হোসেন বলেন, ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজে গত কয়েক মাস আগেও ভাসমান পতিতাদের আনাগোনা লক্ষ্য করা যেত। প্রশাসনের কড়াকড়িতে এখন সেটা নেই বললেই চলে। আমার কথা ফুটওভার ব্রিজে পতিতা থাকবে কেন? তার ওপর রাতে আলোর ব্যবস্থা নেই পথ চলতে ভয় করে।
বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টি সম্পর্কে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, তিনটি ফুটওভার ব্রিজে আমরা আলোর ব্যবস্থা করেছিলাম। বৈদ্যুতিক বাতি এবং তার চুরি হয়ে গেছে। আমরা নতুন করে ফুটওভার ব্রিজগুলোতে আলোর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি।