মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী গ্রামে সামান্য বৃষ্টিতেই প্রায় ৫০০ মিটার সড়কের মাঝামাঝি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে স্কুলশিক্ষার্থী, কর্মজীবী, বৃদ্ধসহ হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চম্পকদী গ্রামের বাসিন্দা শাজাহান মাঝির বাড়ি থেকে নান্টুর বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের মাঝামাঝি স্থানে হাঁটুসমান পানি জমে আছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই সড়ক দিয়েই গ্রামের মানুষ নিয়মিত স্কুল, বাজার, কবরস্থান, ক্লাব ও ঈদগাহ মাঠে যাতায়াত করেন। তবে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকায় চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে চম্পকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চম্পকদী গ্রামের বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
চম্পকদী গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যায় না, আবার নিজেদের বাজারে যাওয়ার সময় জুতা খুলে হাঁটতে হয়। মধ্যপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আওলাদ হোসেন বলেন, পানি সরানোর এই মুহূর্তে কোনো উপযুক্ত ব্যবস্থা পাচ্ছি না। কী করব, বুঝতে পারছি না।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শফিকুল ইসলাম বলেন,আপনার মাধ্যমে সমস্যাটি জানতে পারলাম। অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, গ্রামবাসী একটি আবেদন ইউনিয়ন পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দিলে আমরা দ্রুত বিষয়টি সংস্কারের আওতায় আনতে পারি। বাজেট থাকলে আমাদের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে।#