মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ বালু ভরাট ও উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও প্রায় ১ হাজার ৮০০ মিটার পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকা এবং বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উত্তরপাড়া ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলন ও ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধ কাজে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ৮০০ মিটার পাইপ ও একটি ড্রেজার বিনষ্ট করে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। এ সময় স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু উত্তোলন এবং কৃষিজমির মাটি কাটা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অবৈধ বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।