কারামুক্তির পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বন্দীরা স্বাবলম্বী হতে পারবে
কারাবন্দীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কারামুক্তির পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বন্দীরা স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে সমাজের মূলধারায় ফিরে সুস্থ, স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার সুযোগ পাবেন।
বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে
কারাবন্দীদের সংশোধন, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্লাম্বিং ও ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাম্বিং ও ব্লক-বাটিক প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের হাতে-কলমে কাজ শেখানো, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় কারাবন্দীদের দক্ষতা উন্নয়ন ও সমাজে পুনর্বাসনের লক্ষ্যে এ ধরনের ইতিবাচক ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক পরিদর্শনকালে জেলা
কারাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দীদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে অবহিত হন। এ সময় জেলা প্রশাসক কারাবন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেল সুপার মো. জান্নাত-উল-ফারহাদ, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মোক্তার হোসেনসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।