বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিলো না। বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি ছিলো বিচার বিভাগ। বিষয়টি “ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম”-বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। গতকাল রবিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে কলেজের সেমিনার কক্ষে “শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান”-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট তৈরি করা হয়েছিলো এবং ফ্যাসিস্টের মূল বয়ানগুলো তৈরি করা হয়েছিলো আদালতের মাধ্যমে। তিনি ব্যখ্যা দিয়ে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না” এই বয়ান আদালতের তৈরি।
ড. মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট শাসকগুলো সাধারণত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে কলোনাইজ করতে চায়। কিন্তু বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে বাংলাদেশকে উল্টো কলোনী হিসেবে প্রতিস্থাপন করেছিলো।
শাপলা চত্ত্বরের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, শাপলা হত্যাকান্ডে আরেক ধরনের পাবলিক এনিমি তৈরি করা হয়েছিলো। “যাদেরকে বলা হলো মৌলবাদী”। অর্থাৎ মৌলবাদী ও জঙ্গী হলে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনসিদ্ধ। তারা পাবলিক এনিমি রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই বয়ান তৈরি করে হত্যাকান্ড চালিয়েছিলো।
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক সফিক ইসলাম,জগলুল আসাদ, আব্দুল মান্নান ও গনঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন। এরআগে মাহমুদুর রহমান কলেজ প্রাঙ্গনে একটি লিচু ও বরই গাছ রোপণ করেন।#