প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫
গোয়ালিমান্দ্রায় ৫ বছরের শিশু নিখোঁজ, প্রবাহমান খালে পড়ে যাওয়ার আশংকা
মো. সুবিন, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাসপট্টি এলাকায় ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম হাসান (৫), পিতা দেলু মিয়া। তাদের বাড়ি গোয়ালিমান্দ্রা বাজার বটতলা এলাকায়।
বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে খেলতে খেলতে হাসান ঘরের নিচে চলে যায়। তার ঘরের নিচ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী থেকে আসা একটি খাল, যেখানে বর্তমানে প্রচণ্ড স্রোত রয়েছে। স্থানীয়দের ধারণা, খাল পাড়ের খোলা জায়গায় খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলে তার ব্যবহৃত জুতাজোড়া পড়ে থাকতে দেখা গেছে।
শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা সন্ধ্যা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও হাসানের সন্ধান পাননি।
পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের মুন্সীগঞ্জ জেলার উপসহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, “ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। যদি দূরবর্তী কোনো স্থানে শিশুটিকে ভাসতে দেখা যায়, সঙ্গে সঙ্গে ৯৯৯ অথবা ফায়ার সার্ভিসকে অবগত করার জন্য অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে সাথে সাথে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে জানানো জরুরি।”
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। শিশুটির সন্ধানে অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত