মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুসফুসের ক্যান্সার আক্রান্ত এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন আমেরিকা প্রবাসী ইউসুফ দেওয়ান।
খবর নিয়ে জানা যায়, ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আলেক উদ্দিনের ছেলে দরিদ্র অটোরিকশা চালক জসিম উদ্দিনের (৩৩) দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে কিছুদিন আগে। বর্তমানে বেসরকারি একটি মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে সে। তবে আর্থিক সক্ষমতা না থাকায় তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ক্যান্সার আক্রান্ত দরিদ্র অটোরিকশা চালক জসিমের সহায়তায় এগিয়ে এসেছেন লক্ষীপুরা গ্রামের বাসিন্দা বর্তমান আমেরিকা প্রবাসী ইউসুফ আলী দেওয়ান।
গতকাল শুক্রবার দুপুরে নয়াকান্দি গ্রামে গিয়ে অসুস্থ অটোরিকশা চালক জসিমের বাবা আলেক উদ্দিনের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন ইউসুফ আলী দেওয়ানের বড় ভাই ইউপি সদস্য আশ্রাফ আলী দেওয়ান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বপন মুন্সী, হুমায়ূন রশিদ, বাবুল মিয়া,নূরে আলম ভূঁইয়া কিরন, আবুল হোসেন ও শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অটোরিকশা চালক জসিমের বাবা আলেক উদ্দিন বলেন, আমার এমন কিছু নাই যা বিক্রি করে আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারি। সামর্থ্যবানদের প্রতি অনুরোধ আপনাদের সামান্য সহযোগিতা আমার ছেলের জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনারা আমাকে যতটা পারেন সহায়তা করেন।#