মুন্সীগঞ্জের গজারিয়ায় সিমেন্টের খুঁটির ওপর বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। এতে করে অনেকে পড়ে গিয়ে আহতও হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সরেজমিনে করিমখাঁ গ্রামে গিয়ে দেখা গেছে, পুরোনো সেতুর ভাঙা পিলারের ওপর বাঁশের একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয় ও কোমলমতি শিক্ষার্থীরা নড়বড়ে সাঁকো দিয়েই হেঁটে পার হচ্ছেন। সাঁকোর নিচেই লম্বালম্বি খাড়া রয়েছে চিকন রড। পা পিছলে পড়ে গেলেই নিশ্চিত বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘ দিনের পরিত্যক্ত ব্রিজটির পিলারের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয়রা। ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত চার বছর এই ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ব্রিজের ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয় সাঁকো। এ সাঁকো দিয়ে শিক্ষার্থী প্রতিদিন কয়েক হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অনেক শিক্ষার্থীই সাঁকো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে, এবং তাদের বই-খাতা ও পোশাক ভিজে যায়।
করিমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও শিক্ষক জানান, এ সড়ক ছাড়া স্কুলে যাওয়ার অন্য কোনো উপায়ও নেই। ঝুঁকি নিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া আসা করে। আবার অনেক সময় সাঁকো পারাপার হতে গিয়ে পড়ে গিয়ে আহতও হয়েছে অনেকে। এ ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না।
করিমাখাঁ গ্রামের কৃষক আবদুল গফুর বলেন, দীর্ঘদিন দিন ধরে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোন ভাবে যাতায়াত করার জন্য স্থানীয়রা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছে। এলাকার উৎপাদিত শাকসবজি বাজারে নিয়ে যেতে পারচে না। অনেক দূর ঘুরে তাদের হাট-বাজারে যেতে হয়। এবিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, অবগত রয়েছি। দ্রুত সেখানে একটি আপাতত একটি টেকসই সাকোঁ তৈরি করা হবে। যাতে করে শিশুরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে।#