মুন্সীগঞ্জ শহরের অনির্বাণ যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের দেওভোগ বিলের কানি ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ যুব সংঘের সভাপতি মো. আবদুল হান্নান, সংগঠনের সদস্য গুলজার হোসেন সুমন ও আবদুল কাদের আজাদ, এডভোকেট আবদুল হালিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রথম দিনের খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচের সময়কাল ছিল ২০ মিনিট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেঘনা বনাম ড্রাগন। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে গোলাপ একাদশের মুখোমুখি হয় যমুনা একাদশ। এ খেলায় ২-৩ গোলে জয়লাভ করে যমুনা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে এবং পুরো মাসব্যাপী চলবে এ প্রতিযোগিতা। প্রতিদিন বিকেলে দেওভোগ বিলের কানি ঈদগাহ মাঠে হবে খেলা। ফুটবলপ্রেমীরা আশা করছেন, এই টুর্নামেন্ট শুধু বিনোদনই নয়, বরং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও শারীরিক সুস্থতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#