মুন্সীগঞ্জের চারটি সংসদীয় আসন পুনঃ বহালের দাবিতে লংমার্চ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে “মুন্সীগঞ্জ জেলার ৪টি আসন বাস্তবায়ন কমিটি” উদ্যোগে সিরাজদীখানের বুড়িগঙ্গা সেতু থেকে লংমার্চ ও গণ সংযোগ শুরু হয়। পরে দিনভর শ্রীনগর উপজেলার ছনবাড়ি হয়ে কুন্ডেরবাজার ব্রিজ, বেতকা, আব্দুল্লাহপুর, টঙ্গীবাড়ি উপজেলা মাঠে পথ সভা করে আলদী বাজার, দিঘীরপার, হাসাইল হয়ে মুন্সীগঞ্জে গিয়ে লংমার্চ শেষ হয়।
এসময় লংমার্চকারীরা জানান, ২০০৭সালের আগ পর্যন্ত জেলার ৪টি আসন ছিলো। এতে বেশি বরাদ্দের পাশাপাশি জেলা আর্থ সামাজিক উন্নয়নের জন্য জনপ্রতিনিধির সংখ্যাও ছিলো বেশি। তবে আসন সংকুচিতের কারনে বরাদ্দ বঞ্চিত তথা নানা সংকটে পড়তে হয়েছে জেলা বাসীকে। এখন জেলাবাসীর প্রাণের দাবি চারটি সংসদীয় আসন পুনঃবহাল করা। মুন্সিগঞ্জ জেলার জনগণের মাঝে ন্যায্য অধিকার আদায়ের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকার বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও গনসংযোগ।
৪ টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির মুখপাত্র, অ্যাডভোকেট মহসিন মিয়া তার বক্তব্যে বলেন, ২০০১ সালের সীমানা অনুযায়ী জেলায় ৪ টি সংসদীয় আসন বিদ্যমান ছিল । ২০০৭ সালে তৎকালীন তত্ত¡াবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। পরবর্তীতে জেলা বাসি জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকার একে বাস্তবায়ন করেন। সেই সাথে আমাদের জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেন। তাই আমাদের মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই আমাদের ৪ টি সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে। এই লংমার্চ এবং গণসংযোগ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরকাদীম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু , টঙ্গীবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন আসিক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নির্বাহী সদস্য মাহবুব আলম বাচ্চু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঢাকা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসেন সোহেল, প্রজন্ম বিক্রমপুরের কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর বলরাম বাহাদুর, কামারখারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার প্রমুখ।#