প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫
গজারিয়ায় সাংবাদিকের ওপর মব তৈরি করে অতর্কিত সন্ত্রাসী হামলা
শ্রীকান্ত দাস
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া স্ট্যান্ডে দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির সাংবাদিক কামরুল ইসলামের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে এ হামলায় তিনি গুরুতর আহত হন।
আহত সাংবাদিক কামরুল ইসলাম (৪৯), মৃত চুনু মিয়ার ছেলে, বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার পর সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে ১০-১২ জন সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি রামদা লোহার রড দিয়ে আঘাত করে। লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করা হয়, এতে তার বাম পায়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
কামরুল ইসলাম অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগান ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি হারুন শিকদারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। শাওন (২৫), আরমান (২৫), আলীফ (২৪), জসিম সরকা, সোলাইমান, বাদল ও আমিরুলসহ স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা সরাসরি অংশ নেয়। এর আগেও একই গ্রুপ তার ও বড়ভাই সাংবাদিক জসিমের ওপর হামলা চালায়, যার মামলা বর্তমানে চলমান।
তিনি আরও জানান, হামলার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে—“হারুন শিকদারের বিরুদ্ধে কেন ফেসবুকে পোস্ট দিস? আবার পোস্ট দিলে লাশ গুম করে ফেলবো।” এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত