আলু, ইরি, আমন ধানসহ নানা সবজি উৎপাদনে খ্যাত মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে কৃষি জমির পরিমান কমতে শুরু করেছে। গত ৪০ বছরের জেলায় প্রায় ৭০ হাজার একর কৃষি জমি কমে গেছে বলে জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে। নদী ভাঙ্গন, আবাসন প্রকল্প, শিল্প-কলকারখানা ও বাড়িঘর নির্মান বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমেছে। এ কারনে জেলায় আলু, ধানসহ বিভিন্ন সবজির উৎপাদনও কমে গেছে। আর কৃষি জমি কমতে থাকায় জেলা প্রশাসনসহ সরকারও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
প্রশাসনের একটি সূত্র মতে, কৃষি জমিতে আবাসন ব্যবসা বন্ধ করা জরুরি। সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে যেভাবে কৃষি জমি কমতে শুরু করেছে, তাতে দেশে এক সময় খাদ্য সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন পদক্ষেপ নিলেও তা ধীরগতিতে চলছে। তবে প্রশাসনের অপর একটি সূত্র জানায়, কৃষি জমির মালিকরা বেশী মূল্য পেয়ে আবাসান প্রকল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। আর ক্রয়কৃত জমি ভরাট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মান করার উদ্যোগও থামিয়ে রাখা যায় না। এছাড়া জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ী নির্মানও বৃদ্ধি পেয়েছে।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে মুন্সীগঞ্জ জেলায় কৃষি জমির পরিমান ছিল এক লাখ ৬৬ হাজার ২৯১ একর। দুই যুগ পর ২০০৮ সালের পরিসংখ্যানে ৪৮ হাজার ৬১৩ একর কমে দাড়ায় এক লাখ ১৭ হাজার ৬৭৭ একরে। আর ২০১১-১২ সালের পরিসংখ্যানে দেখা গেছে, মাত্র ৪ বছরের ব্যবধানে ১৫ হাজার ৬৯৯ একর কমে গেছে। আর ২০২৩-২৪ সালের পরিসংখ্যানে বিপুল পরিমানের কৃষি জমি কমে বর্তমানে জেলায় কৃষি জমির পরিমান দাড়িয়েছে প্রায় এক লাখ ১ হাজার একর।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী বিধৌত জেলা মুন্সীগঞ্জে প্রতি বছরই নদী ভাঙ্গনে বিস্তীর্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এভাবে দীর্ঘ বছর ধরে নদী ভাঙ্গন অব্যাহত থাকায় কৃষি জমি কমে যাওয়ার একাধিক কারনের মধ্যে অন্যতম কারন একটি। পদ্মা নদীর ভাঙ্গন তান্ডবে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার বিস্তীর্ন কৃষি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া কৃষি জমি ভরাট করে বাড়িঘর নির্মান, শিল্প কারখানা স্থাপনেও কমে
যাচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় কমপক্ষে শতাধিক আবাসন প্রকল্প গড়ে উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়াই ৯৫ ভাগ আবাসন প্রকল্প গড়ে তুলতে লিপ্ত রয়েছে। আর এসব অবৈধ আবাসন প্রকল্প প্রতিষ্ঠান গুলো কৃষি জমি ভরাট করে লোভনীয় বিজ্ঞাপনের বিলবোর্ড টানিয়ে রেখেছে। এর মধ্যে ঢাকা-মাওয়া মহাসড়ক ৪ লেনে নির্মান কাজ শুরু হওয়া এবং পদ্মা সেতু নির্মানকে ঘিরে অবৈধ এই আবাসন প্রকল্প প্রতিষ্ঠান গুলো কৃষি জমি ভরাটের প্রতিযোগিতা শুরু করেছে।
অন্যদিকে গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু এলাকা পর্যন্ত মহাসড়ক ঘেষাঁ বেশীর ভাগ কৃষি জমি গুলো এখন ভরাট হয়ে গেছে। বাউশিয়ায় কৃষি জমি ভরাটের পর সেখানে গড়ে উঠছে ওষধ নির্মান প্রকল্পসহ নানা শিল্প-কারখানা এবং বালুয়াকান্দি, ভবেরচর, ভাটেরচর এলাকায়ও গড়ে উঠতে শুরু করেছে আবাসন প্রকল্পসহ নানা শিল্প প্রতিষ্ঠান।
ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা ইমতিয়াজ বাবুল জানান, কেরানীগঞ্জে নির্মিত কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকা থেকে শুরু করে সিরাজদীখানের বালুরচর, মহাসড়ক ঘেষাঁ কৃষি জমি গুলো আর কৃষকের নিয়ন্ত্রনে নেই। আবাসান প্রকল্পের মালিকপক্ষ এসব কৃষি জমি ক্রয় করে গত কয়েক বছর ধরে বালু দিয়ে ভরাট করে আবাসন প্রকল্প এলাকায় তৈরীর প্রতিযোগিতায় নেমেছে।
শ্রীনগরের বাসিন্দা শফিকুল জানিয়েছেন, সিরাজদীখান ও শ্রীনগর-এই দুইটি উপজেলার মহাসড়ক ঘেষেঁ প্রায় শতাধিক আবাসন প্রকল্প কৃষি জমি ভরাট কাজ এখনও চালিয়ে যাচ্ছে। একই অবস্থা লৌহজং উপজেলায়ও। পদ্মা সেতু নির্মান কাজ শুরুর পর থেকে বড় বড় আবাসন প্রতিষ্ঠান
এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান কৃষি জমি ক্রয়ের পর বালু ভরাট করে শিল্প-কারখানা গড়ে তুলছে। জেলার ৬টি উপজেলার মধ্যে লৌহজং, শ্রীনগর,
সিরাজদীখান ও গজারিয়া এ ৪টি উপজেলায় সবচেয়ে বেশী কৃষি জমি কমেছে বলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন। কারন হিসেবে তারা উল্লেখ করেন, এ ৪টি
উপজেলায় কৃষি জমি ভরাট করে আবাসন প্রকল্পসহ নানা শিল্প প্রতিষ্ঠান নির্মান অব্যাহত থাকায় কৃষি জমি কমে যাওয়া অন্যতম কারন।
এদিকে এ ৪টি উপজেলার ন্যায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলায়ও কৃষি জমির পরিমান কমতে শুরু করেছে। বাড়ীঘর নির্মান ও শিল্প কারখানা স্থাপনের জন্য এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে বালু ফেলে কৃষি জমি ভরাট কাজ অব্যাহত রেখেছে বালুদস্যুরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বিষয়ে গনপূর্ত মন্ত্রনালয়ের নির্দেশনা পেয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনারদের (ভূমি) বৈধ ও অবৈধ হাউজিং কোম্পানীর তালিকা তৈরী ও তাদের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্র জানায়, জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে কৃষি জমি ভরাটের সঙ্গে জড়িত বৈধ ও অবৈধ ভাবে হাউজিং কোম্পানী নামের তালিকা তৈরীর কাজ চলমান রয়েছে। বর্তমানে জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নের কাজ চলছে।