মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই পক্ষের রোষানলে প্রতিশোধের আগুনে প্রতিবেশী দরিদ্র দুই কৃষক সাইফুল ইসলাম ও ওয়াজকুরুনির স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। গেল রবিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম ও লালু গ্রুপের দ্বন্দ্বে প্রতিশোধের আগুনে নিরপরাধ প্রতিবেশী দরিদ্র কৃষক সাইফুল ইসলাম ও ওয়াজকুরুনির দুটি বসত ঘর ভস্মীভূত হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে তাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকাল ১০ টার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় প্রতিপক্ষ লালু গ্রুপের গুলিতে নিহত হয় গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান। এ ঘটনায় হৃদয় বাঘসহ আহত হয় ছয়জন। পরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মারা যায় হৃদয় বাঘ। রবিবার বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে অজ্ঞাত ১৫ থেকে ২০ জন যুবক ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে হত্যা মামলার আসামি লালু, সৈকত ও তার স্বজনদেরসহ আটটি বসতঘরে একসঙ্গে আগুন লাগিয়ে দেয়। এরই মধ্যে প্রতিবেশী সাইফুল ইসলাম ও ওয়াজকুরুনির দুটি ঘর পুড়ে যায়।
বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত সাইফুল ইমলাম কান্না জড়িত কন্ঠে বলেন, গ্রামে দুই পক্ষের রোষানলে তাদের দেওয়া আগুনে পুড়ে গেছে আমার একটি বসত ঘর। ঘর থেকে কোনো আসবাবপত্র বের করা সম্ভব হয়নি। এক কাপড়ে আমার পরিবারের আমরা বের হয়ে গেছি। নগদ অর্থসহ আমার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সাইফুল কোনো পক্ষে ছিল না,পার্শ্ববর্তী ঘর হওয়ার কারনে আজ সর্বস্বান্ত হয়ে গেল। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো ক্ষতিগ্রস্থ সাইফুল। যদি প্রশাসন এবং সমাজের বিত্তশালী ব্যক্তিরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাহলে যদি সে কিছুটা ঘুরে দাড়াতে পারে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও নিহত হৃদয় বাঘের আত্মীয় আমিরুল ইসলাম বলেন, লালু ও তার স্বজনরা পূর্বে তাদের ঘরে থাকা মালামাল সরিয়ে হত্যা মামলা থেকে রেহাই পেতে পরিকল্পিত ভাবে নিজেদের ঘরে আগুন লাগিয়েছে। তাদের দেওয়া আগুনে প্রতিবেশীর ঘর পুরে গেছে।এর দায়ভার সন্ত্রাসী লালুকেই নিতে হবে।
হত্যা মামলার আসামি লালুর মা সানোয়ারা বেগম বলেন, হামলাকারী লালু, লালুর বড়ভাই সানাউল্লাহ, সাইফুল্লাহ, ছোট ভাই হেদায়েতুল্লাহ, শ্বশুর জহিরুল ইসলামের ঘরসহ মোট আটটি ঘরে অগ্নিসংযোগ করেছে। তার দাবি, ‘আমিরুল মেম্বারের লোকজন পেট্রল ছিটিয়ে বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারা মব সৃষ্টি করে আমাদের লোকজনকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, গত রবিবার রাতে দুর্বৃত্তদের দেওয়ার আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।#