বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়ে বিএনপির কার্যলয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মোড়ে থেকে র্যালিটি শুরু হয়ে সিরাজদীখান বাজার প্রদক্ষিণ করে গোয়ালবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ রাসেলের সঞ্চালনায় আরো উপস্থিত উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদারসহ উপজেলার ১৪ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।#