প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমকন্যা অমিতা সেন
মুন্সীগঞ্জের সময় ডেক্স
অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আশ্রম কন্যা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা।
অমিতা সেনের জন্ম ১৯১২ খ্রিস্টাব্দের ১৭ জুলাই বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে। পিতা রবীন্দ্র-পরিকর আচার্য ক্ষিতিমোহন সেন এবং মাতা কিরণবালা দেবী। তাঁদের পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের তৎকালীন বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে।
অমিতার ছাত্রী জীবন কাটে শান্তি নিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। বাংলা 'শ্রাবণ' মাসে অমিতার জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথ অমিতাকে 'শ্রাবণী' বলেই সম্বোধন করতেন।
সঙ্গীতে তার গুরু ছিলেন রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ পরিচালিত বিভিন্ন উৎসবে ও নৃত্যানুষ্ঠানে আশৈশব যুক্ত থেকেছেন। নৃত্য ও অভিনয়ে বিশেষ পারদর্শিনী ছিলেন তিনি। 'নটীর পূজা' র প্রথম অভিনয়ে 'মল্লিকা' এবং 'শাপমোচন' -এ প্রথম অভিনয়ে তার 'রাণী' র ভূমিকা ছিল। এছাড়া অভিনয় করেছেন বিভিন্ন ঋতুনাট্যে। জুজুৎসুও শিখেছিলেন জাপানি প্রশিক্ষক তাগাকাকির কাছে।
১৯৩২ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি-রসায়নবিদ আশুতোষ সেনের সাথে তার বিবাহ হয়। ১৯৯৮ খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁদের পুত্র। অমিতা সেনের পৌত্র-পৌত্রীরা হলেন - নন্দনা সেন, অন্তরা দেব সেন নন্দিনী সেন ও কবির সেন।
অমিতা সেন নিজেকে সর্বত্র আশ্রমকন্যা বলে পরিচয় দিতেন। তার রচিত গ্রন্থগুলি হল -শান্তিনিকেতনের আশ্রমকন্যা, আনন্দ সর্বকাজে, শিরীশ বকুল আমের মুকুল ও চলে যায় দিন প্রভৃতি।
শান্তি নিকেতনের মহিলাদের মুখপত্র 'শ্রেয়সী' পত্রিকার সম্পাদনা করতেন তিনি। বিবাহের পর স্বামীর চাকরিসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরলেও শান্তি নিকেতনের সঙ্গে কখনো তার সম্পর্কও ছিন্ন হয়নি৷ ২০০৫ সালের ২২ আগস্ট শান্তি নিকেতনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৯৩ বছর। তথ্য সূত্র- গুগল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত