প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫
বিশেষ প্রতিবেদক
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় জেলা পর্যায়ে কলেজ মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে সোমবার মুন্সীগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল-এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের প্রতিটি অধিভুক্ত কলেজে বিদ্যমান সমস্যা শনাক্ত করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করাই এই সেলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ, জেলা প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই এই কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান এবং কলেজগুলোর ভৌত অবকাঠামো ও শিক্ষক সংকট সমাধানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার।
এছাড়া জেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, প্রেসক্লাবের সভাপতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি সভায় অংশগ্রহণকারীদের সব মতামত ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় তা অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে দেশের প্রতিটি জেলায় একজন খ্যাতিমান শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। এতে তিন কলেজের অধ্যক্ষ (যাদের একজন নারী), জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি,, জেলা এফবিসিসিআই সভাপতি, জেলার প্রেসক্লাব সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন। আর এই মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেলের কার্যক্রম তদারকি করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি।