প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের সময় ডেক্স
রাবেয়া খাতুন। রক্ষণশীল মুসলিম সমাজে জন্মেও নারীর অবরুদ্ধতার অবসান ঘটিয়ে মুক্তির স্বপ্ন দেখেছিলেন তিনি। সমাজ সংস্কারের লক্ষ্যে অল্প বয়সেই রাবেয়া খাতুন লেখনীর সূচনা ঘটান, সাহিত্য-অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করেন নিজের অবস্থান। কর্মজীবনে তিনি লেখালেখির পাশাপাশি সিনেমা, খাওয়াতীন ও অঙ্গনা পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
রাবেয়া খাতুন ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বিক্রমপুর তথা মুন্সীগঞ্জে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়িও শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে অবস্থিত৷ তার বাবার নাম মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ এবং মায়ের নাম হামিদা খাতুন।
রাবেয়া খাতুন ১৯৪৮ সালে আরমানিটোলা বিদ্যালয় থেকে প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক) পাশ করেন। সে সময়ে বাঙালী মুসলিম পরিবার মানেই খুব রক্ষণশীল। তার পরিবারও ব্যাতিক্রম ছিলো না। এমন একটি পরিবারের কন্যাসন্তান হওয়ায় বিদ্যালয়ের গন্ডির পর তার আর পড়াশুনা করা হয়ে উঠে না।
তার বাবার বাড়ি বিক্রমপুর হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা হয়েছিলো ঢাকার বিভিন্ন প্রান্তে।
ছোটবেলা থেকেই গানবাজনা পছন্দ করতেন রাবেয়া খাতুন। সে সময়ে মসজিদের আশেপাশে গান বাজনা করা যেত না বলে, তার বাবা বৃষ্টির সময়ে হারমনিয়াম বাজিয়ে তাকে গান শেখাতেন। কারণ বৃষ্টি হলে বাইরে আওয়াজ যেত না।
১৯৫২ সালের ২৩ জুলাই সম্পাদক ও চিত্র পরিচালক এটিএম ফজলুল হকের সাথে তার বিয়ে হয়ে যায়। এই দম্পতির চার সন্তান রয়েছে — ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।
রাবেয়া খাতুন বেশ কিছু উপন্যাস লিখেছেন। তার উপন্যাস দুঃসাহসিক অভিযান, মেঘের পরে মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি, মহাপ্রলয়ের পর অবলম্বনে পাঁচটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক তাঁর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’ সব মহলে সমাদৃত।
লেখালেখির পাশাপাশি তার আরো দুটি পেশা ছিলো, শিক্ষকতা এবং সাংবাদিকতা। এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলা একাডেমীর কাউন্সিল মেম্বার ছিলেন। ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরীবোর্ডের বিচারক, শিশু একাডেমীর কাউন্সিল মেম্বার ও টেলিভিশনের ‘নতুন কুড়ি’র বিচারক।
রাবেয়া খাতুনের লেখা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে :
মধুমতী, সাহেব বাজার, অনন্ত অন্বেষা, রাজারবাগ শালিমারবাগ, মন এক শ্বেত কপোতী, সেই এক বসন্তে, মোহর আলী, নীল নিশীথ, বায়ান্ন বাজার এক গলি, পাখি সব করে রব, নয়না লেকে রূপবান দুপুর, হানিফের ঘোড়া, হিরণ দাহ, মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র ইত্যাদি।
লেখালেখি জগতে এসে তিনি বেশ কিছু পুরষ্কার ও সম্মাননা পান। সেগুলো হচ্ছে :
বাংলা একাডেমি পুরস্কার, (১৯৭৩),হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৮৯), একুশে পদক(১৯৯৩), বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ (১৯৯৪), নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯৫), জসিমউদ্দিন পুরস্কার (১৯৯৬), শেরে বাংলা স্বর্ণপদক (১৯৯৬), শাপলা দোয়েল পুরস্কার (১৯৯৬), টেনাশিনাস পুরস্কার (১৯৯৭), ঋষিজ সাহিত্য পদক (১৯৯৮), অতীশ দীপঙ্কর পুরস্কার (১৯৯৮), বাংলাদেশ কালচারাল রিপোটার্স এ্যাওয়ার্ড মাইকেল মধুসূদন পুরস্কার (২০০৫), স্বাধীনতা পুরস্কার (২০১৭)
শেষ বয়সে এসে তিনি বেশ অসুস্থ হয়ে পরেন।২০২১ সালের ৩ জানুয়ারি গুলশানে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর তার বয়স ছিলো ৮৫ বছর।