প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
সিরাজদীখানে পাটের আঁশের দাম বৃদ্ধি, কৃষকের মুখে হাসি
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে দীর্ঘদিন পর পাটের আঁশের দাম বৃদ্ধি পেয়েছে। এতে কৃষকদের মুখে আনন্দের ছাপ পড়েছে। চলতি মৌসুমে জমি থেকে পাট কেটে আঁশ আলাদা করে শুকিয়ে এখন বাজারজাত করছেন তারা। বাড়তি দাম পেয়ে কৃষকরা খুশি ফুটেছে।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ১২২ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল ৮৫৩ হেক্টর। অর্থাৎ এ বছর ২৬৯ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষকের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গোবরদী গ্রামের কৃষক মো. হারুন শেখ বলেন, অনেক বছর ধরে আমরা পাট চাষ করে লাভবান হতে পারি না। খরচ বেশি, মেহনত অনেক, কিন্তু দাম কম থাকায় লাভ হয়নি। এবার পাটের আঁশের দাম বাড়ায় আমাদের কষ্ট কিছুটা সার্থক হয়েছে। আশা করছি এবার ভালো মুনাফা হবে এবং ভবিষ্যতে আরও বেশি জমিতে পাট চাষ করা হবে।
আরেকজন কৃষক মো. সেলিম মিয়া বলেন,
দীর্ঘদিন ধরে পাট চাষে দাম কম থাকায় আমরা লাভ পাইনি। এবার দাম বৃদ্ধি পাওয়ায় আমরা খুশি। যদি বাজারে দাম এইভাবে ভালো থাকে, কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং আগামীতে পাট চাষ বৃদ্ধি পাবে।
পাটের আঁশের পাইকার দেলোয়ার হোসেন বলেন,এবার প্রতি মণ আঁশ ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় কেনা হচ্ছে। গত বছরের তুলনায় দাম অনেক বেড়েছে। কৃষকরা খুশি হয়েছেন এবং আমরাও ভালো মানের আঁশ পাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে। কৃষকরা আগের তুলনায় অনেক বেশি উৎসাহ নিয়ে চাষ করছেন। এবার আঁশের দাম ভালো হওয়ায় আগামীতেও পাট চাষ বৃদ্ধি পাবে। এটি স্থানীয় অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত