ছোট্ট সোনামনির নাম ছোঁয়া মনি (৭)। মা-বাবা দু’জনকেই হারিয়েছে তিন বছর বয়সে। এখন বড় হচ্ছে তার মায়ের আপন খালার কাছে। ওই নানীর কাছেই দু’বেলা দু’মুঠো খেয়ে কোন রকমে জীবন চলে যাচ্ছে তার। থাকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মুসলিম নগর তিলার্দিচর এলাকায়। ছোয়া মনির মতোই একই এলাকার বোন রাবেয়া বশরী (১০) ও ভাই মোহাম্মদের (৬) নেই মা-বাবা। একটি ডালের মিলে কাজ করে এ দুই ভাই-বোনের মুখে আহার তুলে দিচ্ছেন তাদের দাদী। ছোয়াঁ, রাবেয়া ও মোহাম্মদের যেখানে খাবার জোটে না, সেখানে পড়াশোনা তো বিলাসিতা কেবল। তবে এমনই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করে যাচ্ছে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন। জেলা সদরের দ্বিতীয় কলকাতা খ্যাত বন্দরনগরী মিরকাদিমের তিলার্দিচর এলাকায় একটি পাঠশালা খুলেছে ফাউন্ডেশনটি। আর স্বপ্নজয় পাঠশালা ওই শিশুদের মাঝে ছড়াচ্ছে শিক্ষার আলো।
জানা গেছে, ২০২৪ সালের ১ জুন মুসলিম নগর তিলার্দিচর এলাকায় স্বপ্নজয় পাঠশালাা প্রতিষ্ঠা করে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন। ১৭ শিশুকে নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করে পাঠশালাটি। বর্তমানে এ শিক্ষার্থী সংখ্যা ৪০ দাঁড়িয়েছে। ওই ফাউন্ডেশনটি মুন্সীগঞ্জসহ দেশের ৮ টি জেলায় প্রতিষ্ঠা করেছে এ পাঠশালার। মুন্সীগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী, মাধবপুর ও গাজীপুরে রয়েছে স্বপ্নজয় পাঠাশালা। ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে বাগেরহাট জেলা থেকে। মুন্সীগঞ্জে প্রতিষ্ঠিত এ পাঠশালার প্রত্যেক শিক্ষার্থী বই, খাতা, পেন্সিল, ব্যাগ, রাবার ও কার্টার ফাউন্ডেশন থেকেই সরবরাহ করা হয়ে থাকে।
এদিকে, তিলার্দিচর এলাকার পাঠশালাটি পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান কামাল। তার বেসরকারি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে। এখানে পাঠদানে নিয়োজিত রয়েছেন ৪ জন শিক্ষক-শিক্ষিকা। এদের মধ্যে জন রয়েছেন কলেজ পড়–য়া। এদের একজন মো. আসিফ মিরকাদিমের হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পাঠাশালাটি সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক হিসেবে পাঠদান করান। অপরজন পাঠশালার সহকারি শিক্ষক আফিয়া আক্তার একটি কলেজে পড়াশোনা করেন। বাকী ২ শিক্ষকের সাদিয়া আক্তার প্রজ্ঞা একজন গৃহিনী। তিনি পাঠাশালাটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ও ইংরেজি বিষয়ে শিশুদের মাঝে আলো ছড়াচ্ছেন। আরেক গৃহিনী আসমা বেগম এখানে পড়ান আরবি বিষয়ে।
পাঠাশালার সাংস্কৃতিক শিক্ষক মো. আসিফ জানান, স্থানীয় বেদে পরিবারের সন্তান মো. আব্দুল্লাহ। ১০ বছরের বাক-প্রতিবন্ধী এ শিশু পড়াশোনা করছে এ পাঠশালায়। তার বাবা তালাচাবি মেরামত করে সংসার চালান। তার বাবার পাশাপশি মা ফেরিওয়ালা। এছাড়া মো. আসিফের বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। আবার মাও প্রতিবন্ধী। এমন অবস্থায় শিশু আসিফ শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ পাঠশালা গড়ে উঠোয় পড়াশোনার সুযোগ হয়েছে আসিফের।
প্রধান শিক্ষক সাদিয়া আক্তার প্রজ্ঞা জানান, একটি টিনের ঘরে ৪০ সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান দেওয়া হচ্ছে। শিশু ও প্রথম শ্রেনীর কার্যক্রম চলছে শুধু মাত্র। এ পাঠশালার কোনো শিক্ষক বেতন নেন না। নিজের তাগিদে সুবিধাবঞ্চিতদের পড়াশোনা করাচ্ছেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি তিলার্দিচর গ্রামেরই বউ। তার এক ছেলে রয়েছে। তার ছেলে শারিরিক প্রতিবন্ধী। তার ছেলেও এ পাঠশালার প্রথম শ্রেনীর ছাত্র। সাদিয়া আক্তার প্রজ্ঞা বলেন, জেলা প্রশাসক মহোদয় যেনো এ পাঠশার প্রতি সুনজর রাখেন। তবে এ বাচ্চারে সুশিক্ষায় গড়ে উঠতে পারে। এ সুযোগ করে দিবেন ডিসি মহোদয়-এমনই চাওয়া আমাদের। তিনি আরো বলেন, পাঠশালাটি ভাড়া জায়গায় কার্যক্রম চালিয়ে আসছে। বিদ্যুতবিল দিতে হয়।