গতকাল শুক্রবার দৌড়প্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষের পদচারণায় মুখর ছিল মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর। মুন্সীগঞ্জ রানার গ্রæপের আয়োজনে সাড়ে সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন ঘিরে এ পরিবেশের সৃষ্টি হয়। এতে নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এই ব্যতিক্রমী আয়োজনে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রতিযোগিতা। জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর পেট্রোল পাম্প সংলগ্ন পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে দৌড় চলে কাশিপুর, দেওয়ান বাজার, চাম্পাতলা ঢালী বাড়ি হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। ৫ কিলোমিটারের ম্যারাথন চাম্পাতলা পালের ভরাট গ্রাম থেকে ঘুরে আবার পেট্রোল পাম্পে এসে শেষ হয়। দৌড়ের রুটটি ছিল মোটামুটি সমতল ও গ্রামীণ পরিবেশে ঘেরা, যা প্রতিযোগীদের দিয়েছে এক আলাদা অভিজ্ঞতা। আয়োজনে অংশ নেন প্রায় ৪ শতাধিক প্রতিযোগী। সামার রান আয়োজনে ছিল মেডিকেল টিম, পানীয় জল সরবরাহ, স্বেচ্ছাসেবকদের সহায়তা ও পুলিশের নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে ছিল হাইড্রেশনের ব্যবস্থা। এই দৌড়ে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ প্রশাসন বিভাগ) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ, দেশ রানার খবির উদ্দিন খান, দেবাশীষ ঘোষসহ অসংখ্য রানাররা। মুন্সীগঞ্জ রানার গ্রæপের প্রতিষ্ঠাতা দেওয়ান মোহাম্মদ হোসাইন বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে দৌড় ও স্বাস্থ্য সচেতনতার দিকে আকৃষ্ট করা। আমরা বিশ্বাস করি, দৌড় কেবল শরীরচর্চার মাধ্যম নয়, এটি এক ধরনের আত্মশৃঙ্খলা এবং মানসিক শক্তির চর্চাও। সুস্থ শরীর মানেই প্রাণবন্ত জীবন। আমরা চাই, মুন্সিগঞ্জের মানুষ সক্রিয় থাকুক, সকালের কিছুটা সময় নিজের জন্য দিক। তরুণ প্রজন্মকে আমরা মোবাইল ও প্রযুক্তির আসক্তি থেকে সরিয়ে মাঠে, প্রকৃতির কাছে নিয়ে আসতে চাই। সেই উদ্যোগেরই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন নিয়মিত করতে চাই, যেন প্রতিটি মানুষ দৌড়কে নিজের জীবনের অভ্যাস হিসেবে গ্রহণ করে।