এ বছর ৮০ শতাংশ জমিতে পাট চাষ করেছি। পরিবারের সদস্যরা মিলে রোপন করায় খরচ হয়েছে ৬ হাজার টাকা। সেই পাট বিক্রি করেছি ১ লাখ ১০ হাজার টাকা। তাই লাভ দেখে মনটা ভরে গেছে। উপরোক্ত কথাগুলো বললেন শরীয়তপুরের নড়িয়া এলাকার কৃষক জুলহাস দেওয়ান।
তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারের পাশে পদ্মা নদীর তীরের পাটের পাইকারী হাটে তার উৎপাদিত পাট বিক্রি করতে এসেছেন।
তার মতো পাটের দাম ভালো হওয়ায় চাঁদপুর সদর এলাকা থেকে আগত কৃষক রহিম বেপারী খুশি মনে জানালেন এমন দাম থাকলে আগামীতে আরও বেশি জমিতে পাট চাষ করার আগ্রহের কথা। তিনি বলেন, এবার এক একর জমিতে পাট রোপনে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। আর উৎপাদিত পাটের ৬০ ভাগ বিক্রি করেছি ৪০ হাজার টাকা। এখনও ৪০ ভাগ পাট অবিক্রিত আছে।
বিগত বছরগুলোর চেয়ে এবার পাটের দাম ও চাহিদা ভালো হওয়ায় মন প্রতি ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা লাভ হওয়ায় কৃষকের মনে খুশির জোয়ার বইছে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে।
খোঁজ নিয়ে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর পাটের দাম ও চাহিদা কিছুটা কম ছিল। কিন্তু এ বছর পরিস্থিতি অনেকটাই ভালো। কৃষককূল পাট বিক্রি করে লাভবান হচ্ছেন। তারা জানান, এ বছর প্রতি মণ পাট উৎপাদন খরচ হয়েছে ২০০০ থেকে ২২০০ টাকা আর সেই পাট মনপ্রতি বিক্রি করছেন ৩২০০ থেকে ৩৫০০ টাকা দরে। এতে প্রতি মনে কৃষকের লাভ হচ্ছে গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা।
দিঘিরপাড় এলাকার কৃষক আব্বাস আলী বলেন, পাটের দাম ভালো থাকলে কৃষককূল আবারও পাট চাষে আগ্রহী হবে। এতে হারিয়ে যাওয়া পাটের ঐতিহ্য ফিরে আসবে।
পাট ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, দিঘীরপাড় হাটের সুনাম অনেক পুরোনো। প্রতি হাটে ৮-১০ হাজার মণ পাট কেনাবেচা হয়। কৃষক যেমন খুশি, ব্যবসায়ীরাও খুশি। এ বছর দামে স্থিতিশীলতা এসেছে, তাতে সবাই লাভবান হচ্ছে।
দিঘিরপাড় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী জেলা চা়ঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলা থেকে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা পাট নিয়ে আসেন এই হাটে। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা পাট কিনে দেশের বিভিন্ন স্থানের পাটকলে বিক্রি করেন। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার এ হাটে প্রচুর পাট বেচাকেনা হয়। প্রতি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকার পাট বেচাকেনা হয়। ট্রলারে পাট বেচাকেনা হওয়ায় বাড়তি শ্রমিক ও পরিবহন খরচ হয় না। এতে ব্যবসায়ী ও কৃষক উভয় পক্ষ লাভবান হন। আর এবার দাম ভালো হওয়ায় কৃষক পাট বিক্রি করে লাভবাব হচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, প্রতি শুক্রবার ও সোমবার বসে এই হাট। ট্রলারের মধ্যে পদ্মা নদীতে পাট রেখে বেচাকেনা করেন ক্রেতা-বিক্রেতারা। ভোরের আলো ফোটার পর থেকে চাষি ও ব্যবসায়ীরা পাটভর্তি ট্রলার নিয়ে হাজির হন পদ্মা নদীর পাড়ে। প্রতি হাটে প্রায় ১০ হাজার মণ পাট বেচাকেনা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। ভাসমান এই পাটের হাট ব্রিটিশ আমল থেকে চলে আসছে।
এই হাট থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা পাইকারী পাট কিনে নিয়ে বিভিন্ন পাটকলে পাট বিক্রি করে থাকেন। এ বছর পাটের দাম ভালো, বিক্রি করে লাভবান হওয়ায় কৃষকের মনে খুশির জোয়ার বইছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর মুন্সীগঞ্জে ২৮০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এবার উৎপাদন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার মোহন্ত বলেন, এ বছর পাট উৎপাদন ভালো হয়েছে। পাশাপাশি চাহিদার সঙ্গে দামও ভালো হওয়ায় কৃষককূল লাভবান হচ্ছেন। এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাটের ব্যবহার বাড়াতে সরকারী ভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বাজারে চাহিদা বাড়বে এবং দামও স্থিতিশীল থাকবে।
দিঘিরপাড় পাটের হাট প্রসঙ্গে উপ-পরিচালক প্রদীপ কুমার মোহন্ত বলেন, শুধু দিঘীরপাড় হাটেই এ মৌসুমে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার মণ পাট কেনাবেচা হবে বলে আশাবাদ করা হচ্ছে। এই হাটের পাট সরবরাহ করা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার পাটকলে।