মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের একটি পুকুরে শাপলা ফুল ফুটে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন পুকুর, বিল ও জলাশয়েও লাল পদ্ম ফুটে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের একটি পুকুরের জলে ভেসে থাকা সবুজ পাতার ফাঁকে ফাঁকে লালচে-গোলাপি শাপলা ফুল ফুটে রয়েছে। পানিতে ফুলের প্রতিচ্ছবি সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে।
উত্তর তাজপুর গ্রামের বাসিন্দা নাদিয়া আক্তার নদী বলেন, আমার বাড়ির পাশের পুকুরে প্রায় ৫০টি লাল পদ্ম ফুটেছে। প্রতিদিন সকালে তাকালেই চোখে পড়ে লাল পদ্মের মনোমুগ্ধকর দৃশ্য। এ যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য, যা মনকে শান্ত করে দেয়। শহরের মানুষ হয়তো অনেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য একেবারেই আলাদা। পুকুর ভরা শাপলার দৃশ্য আমাদের গ্রামের গর্ব।
উত্তর গোবরদী গ্রামের জুয়েল দাস বলেন, আমাদের পুকুরে লাল পদ্মের সৌন্দর্য বছরের ১২ মাসই দর্শনীয়ভাবে ফুটে থাকে। এখানে লাল পদ্ম কেবল প্রকৃতির শোভা বৃদ্ধি করছে না, বরং জলজ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি ঋতুতে পদ্ম ফুটে উঠায় পুকুরটি প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক দৃশ্যে পরিণত হয়। এ ধরনের প্রাকৃতিক সম্পদ আমাদের গ্রামবাসীর জন্য গর্বের বিষয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, উপজেলার বিভিন্ন পুকুর, বিল ও জলাশয়ে লাল পদ্ম ফুটতে দেখা যায়। মূলত বর্ষার শেষভাগ থেকে শরৎকাল পর্যন্ত এই ফুল ফোটে। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুকুর বা জলাশয়ের পানিকে শীতল রাখতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে শাপলা ফুলের অবদান রয়েছে। শাপলার বীজ ও শিকড় স্থানীয় অনেক পরিবার খাদ্য হিসেবেও ব্যবহার করে। আমাদের গ্রামীণ জীবনের সঙ্গে এই ফুলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।