বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, একটি গোষ্ঠী তলে তলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। আবার পিআর পদ্ধতির জন্য আন্দোলনের ডাক দিচ্ছে। এই দ্বৈত নীতি কারো জন্যই ভালো নয়। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নেই, এই অবস্থা থেকে উত্তরণের একটাই উপায় নির্বাচন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহিলা দলের উদ্যোগে শাড়ি ও থ্রি-পিস বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির কাজ হলো জনগণের সেবা করা ও মানুষের কথা বলা। একটি গোষ্ঠী ঢাকায় বসে বড় বড় কথা বললেও তারা মাঠে নামে না। আমরা মাঠেঘাটে মানুষের কথা শুনি এবং তাদের পাশে থাকি। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা খান শিখার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, জেলা বিএনপি সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।#