মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গ্রামীণ সড়কগুলোয় এখনো দেখা মেলে ভিন্ন রকম সৌন্দর্যের। উপজেলার ১৪ ইউনিয়নের বহু সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ২৫ থেকে ৩৫ বছরের পুরনো কড়ৈই গাছ। সারি সারি এসব গাছের শাখা-প্রশাখা মিলেমিশে কোথাও কোথাও তৈরি করেছে প্রাকৃতিক সবুজ সুড়ঙ্গ। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে পথটিকে।
উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের সড়কে গিয়ে দেখা যায়, প্রতিদিন শত শত মানুষ এ পথ দিয়ে যাতায়াত করছেন। কারও হাতে বাজারের থলে, কেউ যাচ্ছেন কর্মস্থলে। কিন্তু শরৎকালের তপ্ত দুপুরেও এখানে হাঁটতে ক্লান্তি আসে না। গাছের ঘন ছায়া পথচারীদের দেয় প্রশান্তি, অনেকেই মাঝেমধ্যে গাছতলায় বসে খানিকটা বিশ্রাম নেন।
উত্তর গোবরদী গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৫৫) বলেন,আমি ছোটবেলা থেকেই এই পথ দিয়ে চলাফেরা করি। তখন গাছগুলো ছোট ছিল, এখন বিশাল হয়ে গেছে কড়ৈই গাছগুলো। রোদে হাঁটলেও এখানে গরম লাগে না। একই গ্রামের গৃহিণী হাজেরা বেগম (৫৫) বলেন, প্রতিদিন নাতি নাতনি নিয়ে হাঁটতে বের হই। এত বড় বড় গাছগুলো না থাকলে এ রাস্তায় হাঁটা কষ্টকর হতো।
স্কুলছাত্র রিফাত হাসান (১৬) বলেন,স্কুলে যাওয়ার সময় বন্ধুদের সঙ্গে হাঁটতে খুব ভালো লাগে। মনে হয় আমরা যেন কোনো বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। কৃষক শহিদুল ইসলাম (৬০) বলেন,কড়ৈই গাছগুলো শুধু ছায়াই দেয় না, বর্ষায় ঝড়-বৃষ্টিতেও রক্ষা করে। এগুলো আমাদের সম্পদ। বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেন্টু মিয়া বলেন,এ ধরনের পুরনো বৃক্ষরাজি শুধু ছায়া ও সৌন্দর্য নয়, বরং গ্রামীণ জীবনে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। অক্সিজেন সরবরাহ, বায়ু শুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এসব গাছ অপরিহার্য। আজকের দিনে যখন উন্নয়নের নামে গ্রামবাংলার অনেক সড়ক বৃক্ষশূন্য হয়ে যাচ্ছে, তখন সিরাজদীখানের এই সবুজ সুড়ঙ্গগুলো প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হুমায়ুন করিব খান বলেন, উপজেলায় এখনো বহু সড়কের দুই পাশে সারি সারি পুরনো কড়ৈই গাছ দাঁড়িয়ে আছে। অনেকগুলোর বয়স ২৫ থেকে ৩০ বছরেরও বেশি। এসব বৃক্ষ শুধু গ্রামের সৌন্দর্য বাড়ায় না, বরং গ্রামীণ মানুষের জীবনে অপরিসীম উপকার করছে। প্রচণ্ড রোদে কিংবা তীব্র গরমে পথচারীরা এসব গাছের ছায়ায় এসে স্বস্তি পান। আজকের দিনে যেখানে উন্নয়নের নামে সড়ক থেকে গাছ কেটে ফেলা হচ্ছে, সেখানে সিরাজদীখানের এই পুরনো কড়ৈই গাছগুলো টিকে আছে বলেই মানুষ প্রকৃতির স্বাদ পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#