সন্ত্রাসের জনপদ খ্যাত মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের গ্রামে গ্রামে বাতাসে ঘুরে বেড়াচ্ছে বারুদের গন্ধ। দিনের বেলায় নিস্তব্ধ নীরবতার আবহ লক্ষ্য করা গেলেও রাত হলেই গ্রামের নিরীহ নারী ও শিশুরা শুনতে পায় ককটেল বিস্ফোরণের বিকট শব্দ। এতে কোনো শিশু ঘুম ভেঙে যায় আবার কোনো শিশু বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালায় মায়ের বুকে। থেমে থেমে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে ভোর রাত পর্যন্ত। আধিপত্য বিস্তার করতে ইউনিয়নের বিবদমান বিএনপির দুই গ্রুপের কমী সমর্থকরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে নিজেদের প্রস্তুত থাকার বিষয়টি প্রতিপক্ষকে বোঝাতে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএনপির উভয় গ্রুপের নেতাকমীরা পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকে বলে গ্রামবাসী জানিয়েছে।
গত ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ৯ দিনের ব্যবধানে দুই গ্রুপের অনুসারী তিন জন গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে নিহত তুহিন দেওয়ান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদ মোল্লা গ্রুপের অনুসারী এবং ১০ নভেম্বর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত আরিফ মীর ও রায়হান খান সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা গ্রুপের অনুসারী বলে দুই গ্রুপের বিএনপি নেতা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে।
অন্যদিকে, একের পর এক হত্যাকান্ডের ঘটনায় রীতিমত আতঙ্কের জনপদে পরিণত হয়েছে গোটা মোল্লাকান্দি। সদর উপজেলার চরাঞ্চলের এ ইউনিয়নটির গ্রামে গ্রামে
নিস্তব্ধতার পরিবেশ তৈরী হয়েছে। এর মধ্যে মুন্সীকান্দি, বেহেরকান্দি, পশ্চিম মাকহাটী, পূর্ব মাকহাটী, মহেশপুর, রাজারচর, চরডুমুরিয়া, আমঘাটা গ্রামে বিরাজ করছে নিস্তব্ধ নীরবতার আবহ। প্রতিটি গ্রামের পুরুষ সদস্যরা পুলিশের গ্রেপ্তার এড়াতে দিনের বেলায় নিরাপদ স্থানে অবস্থান করলেও রাত হলেই ফিরে আসে নিজ নিজ গ্রামে। তবে নিরীহ পুরুষ সদস্যরা বিপদমুক্ত থাকতে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে।
অপরদিকে গত ২ নভেম্বর রাতে তুহিন হত্যাকান্ডের পর থেকে বিএনপি নেতা আতিক মল্লিক ও অহিদ মোল্লা গ্রুপের অনুসারী দলের কর্মীদের চরডুমুরিয়া গ্রাম থেকে বিতাড়িত করে দেয় প্রতিপক্ষ বিএনপি নেতা উজির আলী ও আওলাদ হোসেন মোল্লার অনুসারী নেতাকর্মীরা। এর পর থেকে গত ১০ দিন ধরে চরডুমুরিয়া গ্রামের প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী গ্রামছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
গ্রামবাসী জানায়, বিতাড়িত নেতাকর্মীরা ৯ নভেম্বর রাতে চরডুমুরিয়া গ্রামে নিজ নিজ বাড়ীতে ফেরার চেষ্টা করলে বাঁধা হয়ে দাড়ায় প্রতিপক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে রাতভর মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একে অপরকে ঘায়েল করার চেষ্টা চালায়। এক পর্যায়ে ১০ নভেম্বর ভোর সকালে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে গোলাগুলিতে লিপ্ত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই গ্রুপের লোকজন নিজেদের চেনার জন্য পৃথক দুই ধরনের টিশার্ট পরিধান করে লিপ্ত হয় সংঘর্ষে। এর মধ্যে একটি গ্রুপের কর্মীরা সবুজ রঙের এবং অপর গ্রুপের কর্মী কালো রঙের টিশার্ট পরিধান করে গোলাগুলিতে লিপ্ত হয়। এ সময় বিএনপি নেতা আতিক মল্লিক ও অহিদ মোল্লা গ্রুপের অনুসারীদের গুলিতে নিহত হয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ হোসেন মোল্লার অনুসারী আরিফ মীর ও রায়হান খান।
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ত্রাসের জনপদ চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদ মোল্লা। অন্য গ্রুপের নেতৃত্বের আসনে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা। তাদের বিরোধের জের ধরে গত এক বছরে অন্তত ১০ দফা সংঘর্ষ হয়েছে। সর্বশেষ হামলা ও সংঘর্ষে ৯ দিনের ব্যবধানে প্রান হারিয়েছে তিনজন।
এদিকে, গত ১০ নভেম্বর সকালে সংঘর্ষ চলাকালে গুলিতে বিএনপি কর্মী আরিফ মীর (৩৫) খুনের ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ওইদিন রাতে চরডুমুরিয়া গ্রামের গ্রামের সামাজিক কবরস্থানে আরিফের দাফন সম্পন্ন করে পরিবার।
এছাড়া একইদিন সংঘর্ষে গুলিবিদ্ধ রায়হান খান মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি কর্মী রায়হান খানের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করার কথা রয়েছে। রায়হান হত্যার ঘটনায় বুধবার রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, পৃথক ঘটনায় গুলিতে তিন জন নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ২টি হত্যা মামলা রুজু করা হয়েছে। রায়হান মারা যাওয়ার ঘটনায় বুধবার রাত পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গত সোমবার সংঘর্ষের ঘটনায় পুলিশ সাকিল ঢালী ও জিহাদ হোসেন নামে দু’জনকে আটক করেছে। মামলার আসামীরা পলতক, তাই গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।
বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষে ৯ দিনের ব্যবধানে তিন জন নিহত হওয়ার ঘটনার দায় নিবে না বিএনপি। এ
প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত একের পর এক সহিংস ঘটনা বিএনপির দলীয় বা রাজনৈতিক সহিংসতা নয়। ব্যক্তি স্বার্থে ইউনিয়নের আধিপত্য নিয়ে সংঘটিত সহিংসতা। তাই এর দায় বিএনপি নিবে না। তিনি বলেন, ব্যক্তি স্বার্থ হাসিল করতে যারা বিএনপির ভাবমূর্তির বিনষ্ট করছে, তাদের গ্রেপ্তার করতে
পুলিশ সুপারকে বলেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। তাতে বিএনপির পক্ষ থেকে হস্তক্ষেপ থাকবে না বলেও জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, সাম্প্রতিক মোল্লাকান্দির ঘটনায় পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহন করছে। সংঘাতের সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
অপরাধীদের আইনের আওতায় আনার জন্য করনীয় সব কিছু করা হবে।