মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় আঙিনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তৈয়ব সনেটের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শাহজাহান মোল্লা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অধিক মনোযোগী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষক অভিভাবক সমন্বয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
১৬.১১.২৫