প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
কাজী সাব্বির আহমেদ দীপু ও আব্দুল্লাহ আল মাসুদ
পতিত সরকার প্রধান শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঘোষিত ৪৮ ঘণ্টার শাটডাউনে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রণে ছিল
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। দেশের মেঘা প্রকল্প পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের তৎপরতা ছিল লক্ষ্যনীয়। দিনে রাতে মিলিয়ো গত ৪৮ ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও তল্লাসী কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।
সোমবার সকাল থেকেই মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় নির্মিত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও অন্য দিনের তুলনায় যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কম ছিল। এর ফলে প্রতিদিন এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলরত যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা দুই প্রান্তের টোল প্লাজা ও ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ো তল্লাসী কার্যক্রমসহ টহল দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।
এদিকে সকাল ৯টার পর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদ্মা সেতু এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। অপরদিকে রোববার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পরিদর্শনসহ শরীয়তপুর জেলা পুলিশ, প্রশাসন ও সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিতে সোমবার সকাল থেকেই এক্সপ্রেসওয়েতে অবস্থান করেছে জামায়াত ও বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মীরা। তারা মোটরসাইকেলযোগে মহড়াও দিয়েছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা–মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। দক্ষিণাঞ্চলমুখী ও ঢাকামুখী যানবাহন পদ্মা সেতু দিয়ে স্বাভাবিক ভাবে চলাচল করেছে। তবে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল অন্য দিনের তুলনায় কম।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার অদূরে টং দোকানদার হেদায়েত হোসেন জানালেন, "প্রতিদিনের মতো যানবাহন চলাচল করলেও সংখ্যায় খুব কম। বাসের সংখ্যাও ছিল কম। তবে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সীমানায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, খবরও পাওয়া যায়নি। থমথমে ভাব থাকায় চলাচল কম হওয়ায় সোমবার দিনভর দোকানের বেচাকেনা ভালো হয় নাই। "
খোঁজ নিয়ে ও এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকা, সিরাজদীখান উপজেলার নিমতলা ও শ্রীনগর উপজেলার ছনবাড়ীসহ এক্সপ্রেসওয়ের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। হাসাড়া হাইওয়ে থানা ও সিরাজদিখান থানা পুলিশের চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এছাড়া জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারিতে পরিস্থিতি ছিল পুলিশের নিয়ন্ত্রণে।
সিরাজজদিখান থানার ওসি মো. আবুবকর সিদ্দিক বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক। কোনো ধরনের নাশকতা, যানবাহনের ক্ষতি বা জননিরাপত্তায় কেউ বাঁধা সৃষ্টি করতে না পারে, সেই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। টহল টিম ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছে, চেকপোস্টে সব ধরনের যানবাহন তল্লাশি চালানো হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
শ্রীনগরের হাসাঁড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার জানান, জেলার ৬টি উপজেলার একাধিক পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাসী চালানো হয়েছে। কড়া নিরাপত্তা চাদর ঢেকে ফেলা হয় মুন্সীগঞ্জ।