মুন্সীগঞ্জের সিরাজদীখানে শুরু হয়েছে আলু রোপণের প্রস্তুতি। এজন্য বিস্তীর্ণ কৃষিজমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েক দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত জমি পরিষ্কার করছেন তারা।
গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামে সরেজমিনে দেখা যায়,ধান কাটার পর কৃষকরা এখন আলু রোপণের জন্য জমি প্রস্তুতে ব্যস্ত। কেউ ধানের গোড়া তুলছেন, কেউ কচুরিপানা পরিষ্কার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছিল। চলতি মৌসুমেও প্রায় একই পরিমাণ জমিতে আলুর চাষ হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
উত্তর গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন শেখ বলেন,আমি এবার ৯৮০ শতাংশ জমিতে আলু রোপণ করব। তাই এখন থেকেই আগাছা পরিষ্কার করছি। গতবার আলু চাষে অনেক লোকসান হয়েছে। কিন্তু আমরা কৃষক—কৃষির ওপরই আমাদের জীবন-জীবিকা। তাই নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে আবারও আলু রোপণের প্রস্তুতি নিচ্ছি।
আরেক কৃষক ইব্রাহিম শেখ বলেন,এখন জমি থেকে পানি নেমে গেছে, ধান কাটা শেষ। তাই আলু রোপণের সময় আর দেরি নেই। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আগাছা পরিষ্কার করছি। ডিসেম্বরের শুরুতেই আলু রোপণ শুরু হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ডিসেম্বরের শুরুতে আলু রোপণ শুরু হবে, তাই কৃষকরা ধান কাটার পর জমি পরিষ্কার করছেন এবং যেসব জমিতে ধইঞ্চা বা অন্যান্য ফসল ছিল সেগুলোও সরিয়ে জমি প্রস্তুত করছেন। শুকনো জমিতে যে যত দ্রুত জমি পরিষ্কার করতে পারবেন, সে তত দ্রুত আলু রোপণ শুরু করতে পারবেন।#