মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বাধীন সমাজ যুব সংঘের উদ্যোগে ৪র্থ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মোক্তার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় পাইকপাড়া কিং জুনিয়র স্পোর্টিং ক্লাব। দর্শকের ভিড়ে মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস আর ক্রীড়ামোদীদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শেখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর দেওয়ান, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ডা. মো. কামরুল হাসান, ডা. প্রশান্ত চক্রবর্তী, ইউপি সদস্য রফিকুল ইসলাম দপ্তরী, মোশারফ হোসেন মাদবর প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দল, সেরা খেলোয়াড় ও সেরা দর্শকদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে সৌভাগ্যবান দর্শকদের পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস ও খেলাধুলার সৌহার্দ্যময় পরিবেশ।#