মুন্সীগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন। শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির প্রথম দিনেই হাসপাতালের জরুরি, বহির্বিভাগ, আন্তঃবিভাগ, মেডিকোলিগ্যাল ও সমাজসেবা ইউনিটসহ বিভিন্ন সেবার তথ্য পেয়েছেন দুইশতাধিক সেবাগ্রহীতা।
ক্যাম্পেইনে স্থাপিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র থেকে হাসপাতালের বিভিন্ন সেবা বিষয়ক লিফলেট ও মৌখিক নির্দেশনা প্রদান করেন ইয়েস গ্রুপের সদস্যরা। সেবাগ্রহীতাদের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সনাক মুন্সীগঞ্জের বিশেষ কর্মসূচির আওতায় পরিচালিত তথ্য কেন্দ্র প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হবে। প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক সেবাগ্রহীতার অংশগ্রহণে ক্যাম্পেইনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
চরকিশোরগঞ্জ থেকে আসা রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, “হাসপাতালের কোথায় কোন সেবা পাবো—এসব আগে জানা থাকত না। কিন্তু আজকে ইয়েস গ্রুপের সদস্যরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ।”
আইসোলেশন ওয়ার্ডের রোগীর ছেলে সিরাজুল ইসলাম** জানান, “টেস্টের ভাড়া, কোথায় করতে হবে—সব কিছু পরিষ্কার জানিয়ে দিয়েছে। আগে দালালের পেছনে ঘুরতে হতো, আজ প্রয়োজন হয়নি।”
বহির্বিভাগে আসা হাসিনা আক্তার বলেন, “তথ্য পেলে ভুলভাল জায়গায় যেতে হয় না। অনিয়মও কমবে।”
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন পরিচালিত হবে। আয়োজকদের প্রত্যাশা—এ উদ্যোগ মুন্সীগঞ্জের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করবে।