চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পথচারীদের
সৃষ্টি হচ্ছে অনাকাঙ্ক্ষিত যানজট
হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে দেওভোগ এলাকার জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত বিস্তৃত মুন্সীগঞ্জ শহর। ছোট্ট এই শহরের প্রায় এক কিলোমিটার ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে রয়েছে স্থায়ী ও অস্থায়ী অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও কোথাও রাস্তার ওপর সবজির দোকান, ফলের দোকান ও স্ট্রিট ফুডের দোকান। আবার কোথাও কোথাও অটোরিকশা স্ট্যান্ডের দখলে। দেখলে মনে হয় পুরো শহর একপ্রকার হাটবাজারে পরিণত হয়েছে।
রাজধানী ঢাকার কাছের ঐতিহ্যবাহী এই জেলা
শহর প্রধান সড়ক (পুরাতন) ও অপরটি জুবলী সড়ক (বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক)। তবে এই দু'টি সড়কের উভয়পাশে পথচারীর জন্য ফুটপাত থাকলেও তা দখলে রেখেছে ভাসমান ব্যবসায়ীরা। এতে সড়কে চলাচল করতে গেলে দুর্ভোগে পড়েন পথচারীরা। সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত যানজটের।
শহর ঘুরে দেখা গেছে, পুরাতন প্রধান সড়কের সম্পূর্ণ ফুটপাত বিভিন্ন হকারদের দখলে রয়েছে। আবার যাদের সড়কের পাশে বিভিন্ন মার্কেটে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা নানা পন্যের পশরা সাজিয়ে ফুটপাত দখলে রেখেছেন। এতে ফুটপাত দিয়ে মানুষের হাঁটার জন্য জায়গা খালি থাকছে না। সড়কের দুই পাশে থাকা ভাসমান দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। তাই দখল করা ফুটপাত থেকে সরে যাওয়া তো দুরের কথা সুযোগ পেলেই দখলের পরিধি বাড়িয়ে ফেলছে অবৈধ দখলকারীরা।
শহরে বিভিন্ন সড়কের মধ্যে সুপার মার্কেট মোড়, শিল্পকলা চত্বর, পৌরসভা কার্যালয়ের সামনে, পুরাতন কাচারী গোল চত্ত্বর, সদর বাজার সড়ক, খালইস্ট মোড়, কোর্ট কাচারি চত্বর, ডিসিপার্ক সড়ক, পুরাতন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট এলাকা, মানিকপুর সড়ক, দেওভোগ তিন রাস্তার মোড়, মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন সড়ক দখল করে অবৈধ টং দোকানঘর স্থাপনসহ অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠেছে।
জানা গেছে, শহরবাসীর অভিযোগের প্রেক্ষিতে
চলতি বছরের ২৩ জুলাই মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো ওমর ফারুকের নেতৃত্বে শহরের পরাতন কাচারী চত্ত্বর থেকে সুপার মার্কেট থেকে প্রধান সড়ক হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছিল। কিন্তু রহস্যজনক কারনে সেই উচ্ছেদ অভিযান কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। তবে কি কারনে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে তা জানতে পারেনি শহরবাসী।
অভিযোগ রয়েছে, শহরের বিভিন্ন ব্যক্তি, একাধিক পৌর কর্মচারীকে উৎকোচ দিয়ে ও ক্ষমতার দাপটে ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানগুলো বহাল তবিয়তে রেখে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করে যাচ্ছে দখলকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পোস্ট অফিসের সামনে আমার একটি চৌকি আছে। যেখানে বসে বাচ্চাদের জামাকাপড় বিক্রি করি। পোস্ট অফিস থেকে কাচারি চত্বর পর্যন্ত এসব দোকান রয়েছে। প্রতিমাসে এসব দোকান থেকে ৫০০ থেকে ৭০০ টাকা নিয়ে থাকে বাজার কমিটি ও কতিপয় রাজনৈতিক নেতা।
সবজি বিক্রেতা মো. শহীদ বলেন, মাতৃসদন-সুপার মার্কেট এলাকায় আমরা ৫০/৬০ জন ব্যবসায়ী আছি। পৌরসভা থেকে শহর বাজারের ডাক নিয়েছে যারা তারা আমাদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে নিয়ে থাকে। আমাদের মধ্যে কেউ কেউ আবার মাসিকও দিয়ে থাকে।
মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার জনি বলেন, মুন্সীগঞ্জ শহরটির পরিসর খুবই ছোট। শহরের এ ছোট গণ্ডির ভেতরে প্রধান সড়কের ফুটপাত দখল করেছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনা করায় সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে শহরের নান্দনিকতাও বিনষ্ট হচ্ছে। তাই শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে ও নান্দনিকতা ফিরিয়ে আনতে ফুটপাট দখলমুক্ত করা এখন সময়ের দাবী। একই সঙ্গে ফুটপাতে দখলে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিকল্প স্থানে ব্যবসা করার ব্যবস্থা করা উদ্যোগ নেওয়া হউক।
স্থানীয় বাসিন্দা মো.আসলাম শেখ বলেন, পৌর শহরে যানজট নিরসনে অটোরিকশা পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে মানুষের চলাচলের উপযোগী করা শহরবাসীর দাবী। তিনি আরও বলেন, কে বা কারা ফুটপাতের অবৈধ দোকানঘর বসিয়ে অর্থ নিচ্ছে তাদের চিহ্নিত করে তালিকা তৈরীর পর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে আগামীতে আরও অবৈধ দোকান স্থাপনের সংখ্যা বৃদ্ধি পাবে।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো ওমর ফারুক জানান, অবৈধ ভাবে ফুটপাত দখল, যত্রতত্র ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা অবৈধ স্ট্যান্ড ও যানজট নিরসন করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন হকার বা ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে নিতে ইতোমধ্যে কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা স্থানে ভাসমান হকারদের বরাদ্দ দেওয়া হবে। এরপরও ফুটপাত দখল করা হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।