মুন্সীগঞ্জের সিরাজদীখানে ক্ষুদ্র–প্রান্তিক ৮০০ জন কৃষকের মাঝে বোরো মৌসুমের উফশী ও হাইব্রিড ধান বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর একটার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে স্বাধীনতা মঞ্চে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম আলমগীর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিতাই মণ্ডল, মমতাজ মহল, নারায়ন চন্দ্র সরকার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র জানান, ৬০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনার এই সহায়তা বোরো মৌসুমে ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#