মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভবেরচর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করা সন্দেহভাজন লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে রোগী ও স্বজনদের নির্ভয়ে চিকিৎসাসেবা নিতে উৎসাহিত করেন সেনা সদস্যরা।
এদিকে, গজারিয়া সেনা ক্যাম্পের এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে সাধারণ রোগী ও স্থানীয়রা। কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বললে তারা বলেন, আমরা এই দালালদের জন্য এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির জন্য হাসপাতালে চিকিৎসা নিতে আসতে ভয় পাই, আমার দালাল মুক্ত হাসপাতাল চাই, আমরা যেন আর হয়রানির শিকার না হই৷ সেনাবাহিনীর কাছে আমাদের আকুল আবেদন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতিপয় চিকিৎসক ও তাদের সহকারীরা দালাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করালে চিকিৎসকেরা চিকিৎসা দেন না। এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। এমন অভিযোগ পেয়ে গজারিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোজ্জামেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি টহল সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের আশপাশের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কিছু চিহ্নিত লোকজনকে প্রতিনিয়ত ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হয়। আমরা চেষ্টা করেও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে পারছি না। সেনাবাহিনী অভিযান চালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করলে আমরা দালাল নির্মূল করতে পারবো।#