প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
কাজী সাব্বির আহমেদ দীপু ও রাহিদ হোসেন
ট্যুরিজম জোন ও মডেল টাউন নির্মাণের নির্দেশ
দ্রুত প্রধান সড়ক নির্মাণের নির্দেশ
১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ
আন্তঃজেলা টার্মিনাল স্থাপনের নির্দেশ
কাজী সাব্বির আহমেদ দীপু ও রাহিদ হোসেন
মুন্সীগঞ্জ পৌরসভার অভ্যন্তরে প্রবাহমান ৭টি খাল সমূহের দুই পাড়ে সড়ক নির্মাণ, খালের পাড় বাঁধাই ও সৌন্দর্যবর্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়ন হলে মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পাবলিক এনভায়রনমেন্টাল পার্ক ও ইকো জোন সৃষ্টি হবে। একই সঙ্গে আন্ত:খাল সংযোগ হলে নৌ-রুটে যাতায়াত সুবিধা প্রশস্ত হবে। মঙ্গলবার মুন্সীগঞ্জ পৌরসভার অভ্যন্তরে প্রবাহমান ৭টি খাল নিয়ে আন্ত:খাল সংযোগ প্রকল্প গ্রহণ করে অর্থায়নের জন্য ডিপিপি প্রণয়ন করতে নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো উন্নয়ন বিভাগের প্রধান অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো উন্নয়ন বিভাগের প্রধান অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ " শহুরে প্রশাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্প" শীর্ষক প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শন করে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয় পরিদর্শন এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের প্রধান অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ।
এ সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসক মৌসুমী মাহবুব, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, আইইউজিআইপি প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, বুয়েটের অধ্যাপক ও প্রকল্প পরামর্শক খোন্দকার এম. আনসার হোসেন, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট পরামর্শক মোঃ আজাহার আলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তাগণ।
অনুষ্ঠিত সভায় দ্রুত সড়ক নির্মাণ, চরকিশোরগঞ্জ ট্যুরিজম জোন ও মডেল টাউন নির্মাণ, ১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ ও আন্তঃজেলা টার্মিনাল স্থাপনের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো উন্নয়ন বিভাগের প্রধান অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ।
দ্রুত সড়ক নির্মাণের নির্দেশ
অন্যদিকে অতি দ্রুত জনস্বার্থে পৌরবাসীর যাতায়াত সুবিধা সুগম করতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে ডিসি অফিস হয়ে কাটাখালী সড়ক এবং সুপার মার্কেট থেকে জেনারেল হাসপাতাল সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশন বিশেষ অগ্রাধিকার প্রদান করবে মর্মে ভৌত অবকাঠামো বিভাগের চীফ কবির আহাম্মদ অবহিত করেন।
ট্যুরিজম জোন ও মডেল টাউন নির্মাণের নির্দেশ
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম
আরও জানিয়েছেন, এই প্রকল্পের পাশাপাশি পৌরসভার অনগ্রসর চিরকিশোরগঞ্জ এলাকায় ট্যুরিজম জোন এবং মডেল টাউন নির্মাণের বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে পৌরসভার প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য পৌরসভার পক্ষ থেকে বিশেষজ্ঞ ডিজাইনার নিয়োজিত করা হবে।
১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ
এছাড়া নগরবাসীর জন্য কাচারী মোড় এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৪ কোটি টাকা অর্থায়নের চূড়ান্ত আশ্বাস প্রদান করা হয়েছে। আইইউজিআইপি ও এলজিইডির প্রকল্প পরিচালককে ডিসেম্বর মাসের প্রথমার্ধে মার্কেটের ডিজাইন ও প্রাক্কলন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
আন্তঃজেলা টার্মিনাল স্থাপনের নির্দেশ
মুন্সীগঞ্জ পৌরসভায় কোনো আন্ত:জেলা টার্মিনাল নেই। এ বিশেষ পৌরসভাকে স্থানীয় জনগণের সাথে অংশীজনদের সাথে পরামর্শ ও স্থান নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দিয়েছেন। মুন্সীগঞ্জ পৌরসভাকে সার্বিক ভাবে নিরাপদ ও অত্যাধুনিক নগরে পরিণত করতে পরিকল্পনা কমিশন সর্বাত্মক সহযোগিতা করবেন মর্মে অতিরিক্ত সচিব কবীর আহাম্মদ আশ্বাস প্রদান করেছেন।