প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
তিন দিন পর মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক, গ্রাহকদের মধ্যে স্বস্তি
বিশেষ প্রতিবেদক
মুক্তারপুর-পঞ্চবটি উড়ালসড়ক পাইলিংয়ের সময় ফেটে যাওয়া তিতাস গ্যাসের পাইপলাইন তিন দিন পর মেরামত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এতে টানা তিন দিন ভোগান্তিতে থাকা মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের আবাসিক ও শিল্প কারখানার গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
তিতাস গ্যাসের মুন্সীগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ফেটে যাওয়া প্রধান পাইপলাইন মেরামত শেষে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। তিনি বলেন, মাটির ২৫ ফুট গভীরে দুটি স্থানে পাইপলাইন ফেটে যাওয়ায় মেরামত করতে বেগ পেতে হয়েছে। মাটি খননের সময় বারবার মাটি ধসে পড়ছিল। পরে লোহার পাত দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পাইপলাইন মেরামত শেষে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হয়েছে। বর্তমানে আবাসিক ও শিল্প গ্রাহক সবাই গ্যাস পাচ্ছেন।
গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের
এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় মুক্তারপুর-
পঞ্চবটি উড়ালসড়কের পাইলিংয়ের সময় মাটির গভীরে থাকা পাইপে আঘাত লাগে। এতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। দুর্ঘটনা এড়াতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জেলার বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে হাজার হাজার আবাসিক ও শিল্প-গ্রাহক চরম ভোগান্তিতে পড়েন। তাঁদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছে। অনেককে লাকড়ির চুলা, ইলেকট্রিক চুলা ও গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ সারতে হয়েছে। এতে বাড়তি টাকা খরচ করতে হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার গৃহিনী ফারজানা আক্তার বলেন, তিন দিন পর চুলায় গ্যাস এসেছে। এই কয়েক দিন গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত