মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বহুল প্রত্যাশিত স্বপ্নের শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত এই শিশু পার্কের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ, আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এমন বিনোদনকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। টঙ্গীবারিবাসীর জন্য এই পার্ক একটি সুন্দর উপহার। এসময় তিনি পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সাব-রেজিস্ট্রার মো. মোজাফফর হোসেন, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর, বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান, টঙ্গীবাড়ি থানার পরিদর্শক তদন্ত কাজী মাসুদ, সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ প্রমুখ।
স্থানীয় শিশু-কিশোরদের বিনোদনের জন্য আধুনিক সুযোগসুবিধা নিয়ে নির্মিত এই পার্ক উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাধারণ মানুষ ও শিশুরা পার্ক ঘুরে দেখেন এবং নতুন এই বিনোদনকেন্দ্রকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।#