প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
কাজী সাব্বির আহমেদ দীপু
তার স্বামী প্রবাসী রমজান মুন্সীকে দিনে দুপুরে অপহরনের পর হত্যা করে লাশ গুম করা হলো। গ্রেপ্তারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করলো। অথচ এক বছর পেরিয়ে যাওয়ার আগেই উচ্চ আদালত তাদেরকে ৬ মাসের জামিন দিয়ে দিলো। এটা কেমন দেশে বাস করছি আমরা। আমার ছোট ছোট দুটি সন্তান নিয়ে এখন আতঙ্কের মধ্যে বাবার বাড়িতে বসবাস করছি। আসামীদের টাকার জোরের কাছে আমি অসহায়। তাই প্রতিনিয়ত আশঙ্কায় থাকি, কখন ঘাতকরা আমাকেও হত্যা করে ফেলে। উপরোক্ত কথাগুলো বললেন মুন্সীগঞ্জের শ্রীনগরে নিহত প্রবাসী রমজান মুন্সীর স্ত্রী ও হত্যা মামলার বাদী নাজমা আক্তার।
স্বামীকে হারিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকা মামলার বাদী নাজমা আক্তারের অসহায়ত্বের কথা শুনে উপস্থিত স্বজনদের চোখে টলটল করছে পানি।
খোঁজ নিয়ে জানা গেছে, দাবী করা টাকা না দেওয়ায় ২০২৪ সালের ২৫ নভেম্বর শ্রীনগরে অপহরণের পর সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে গলায় রশি পেচিয়ে হত্যার পর লাশ গুম করতে নৌকায় উঠিয়ে খালে ফেলে দিয়ে চলে যায় ঘাতকরা। দুইদিন পর শ্রীনগর উপজেলা পরিষদের উত্তর পাশের খালে ভেসে উঠে লাশ। এ ঘটনায়
গ্রেপ্তারের পর অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৬), তার গ্যারেজের ম্যানেজার শাহিন প্রধান (২২) ও কর্মচারী রনি (৩৫) ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। এর মধ্য দিয়ে প্রবাসী হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়। অথচ হত্যাকান্ডের এক বছর পেরোনোর আগেই গত ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসে ওয়াসিম ও তার গ্যারেজের ম্যানেজার শহিন। স্বীকারোক্তি দেওয়া হত্যাকান্ডের মূল আসামীরা জেল থেকে বের হয়ে বর্তমানে মোটরসাইকেল নিয়ে শ্রীনগরের আনাচে কানাচে বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি বিআরডিবির সমিতির যে গোডাউনের গ্যারেজে রমজানকে হত্যা করা হয় সেখানে আবারও তারা অটোরিক্সার গ্যারেজের ব্যবসা শুরু করেছে।
মামলার বাদী নাজমা আক্তার জানান, শ্রীনগর থানার এস আই মীর নাজমুল হাসান গত ৩০ জুন এই মামলার চার্জশীট দাখিল করে আদালতে। আর দাখিল করা চার্জশীট নিয়ে তার আপত্তি রয়েছে। চার্জশিটে প্রধান আসামীর ইভানের বাবা মুক্তার মাঝিকে আসামী করা হয়নি। অথচ তিনিও এই হত্যাকান্ডের সাথে জড়িত।
বাদী নাজমা আক্তার আক্ষেপ করে বলেন, মামলার প্রধান আসামী ইভানসহ অন্যরা এখনো ধরা ছোয়ার বাইরে। যে অটোরিক্সায় বসিয়ে রমজান মুন্সীকে হত্যা করা হয়, সেই অটোরিক্সাটিও (মামলার আলামত) উদ্ধার করেনি পুলিশ। এমনকি হত্যাকারী ওয়াসিমের গ্যারেজ পুলিশ সিলগালা করে দিলেও জামিনে বের হয়ে সেই গ্যারেজ খুলে ওয়াসিম
আবারও ব্যবসা শুরু করে কিভাবে? এমন প্রশ্ন বাদীর। এই দেশে কি আসলেই হত্যাকান্ডের বিচার বলতে কিছু আছে?
নিহত রমজান মুন্সীর আত্মীয় খবির উদ্দিন বলেন, রাজনৈতিক শেল্টারে খুনিরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রমজান মুন্সীকে হত্যার পর তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছে। উপার্জনের কোন মাধ্যম নেই। দুটি সন্তান নিয়ে কতটা কষ্টে আছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।
জানা গেছে, শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের মাজেরহাটির সিরাজুল ইসলাম খোকা মুন্সীর ছেলে রমজান মুন্সী (৩৯) সিঙ্গাপুর প্রবাসী। ২০২৪ সালের মাঝামাঝি সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি শুরু করেন। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝি ও তার ছেলে ইভান জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেয়। রমজানের পূর্ব পরিচিত দেউলভোগ এলাকার কানু খানের ছেলে ওয়াসিমসহ কয়েকজন মিলে বিষয়টি ১০ লাখ টাকায় মিমাংসা করে দেয়। রমজান মুন্সী ১০ লাখ টাকা ইভানকে দিলে সে না দাবী দলিল করে দিবে বলে সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে গত বছর ২৪ নভেম্বর রাতে ওয়াসিম ফোন করে পরদিন সকালে রমজান মুন্সীকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে বলে দেউলভোগ আসতে বলে। ওয়াসিমের উপর ভরসা করে রমজান মুন্সী ২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে দেউলভোগ মোড়ে আসলে ওয়াসিম তার মালিকানাধীন অটোগ্যারেজে নিয়ে যায়। সেখানে গিয়ে রমজানের কাছে টাকা দাবী করে। রমজান জমি লিখে দিতে রেজিস্ট্রি অফিসে যেতে বলে। এতে ওয়াসিম ক্ষিপ্ত হয়ে রৌদ্রমুর্তি ধারণ করে এবং তার গ্যারেজের ম্যানেজার শাহিন,অটোচালক রনি ও রিয়াজ সহ রমজান মুন্সীকে একটি অটোরিক্সার ভিতরে বেঁধে ফেলে এবং ফোনে মুক্তিপন দাবী করে। বনিবনা না হওয়ায় তারা রমজান মুন্সীকে ওই দিনই গলায় রশি পেচিয়ে হত্যা করে। রাতে ওয়াসিম, শাহিন, রনি, রিয়াদ মিলে রমজানের জামা কাপড় খুলে লাশ বস্তায় ভরে পাশের খালের একটি নৌকায় উঠায়। লাশটি গুম করার জন্য নৌকা নিয়ে রওনা হলে উপজেলা পরিষদের পাশের ব্রিজের কাছে এসে তা ডুবে যায়। এসময় লাশ রেখেই তারা তীরে উঠে এসে যে যার মতো চলে যায়। এর দুইদিন পর ২৭ নভেম্বর হাত-পা বাধা অবস্থায় রমজান মুন্সীর লাশ শ্রীনগর উপজেলা পরিষদের উত্তরে খালে ভেসে উঠে। এ ঘটনায় ২৯ নভেম্বর রমজান মুন্সীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামীদের নামে শ্রীনগর থানায় হত্যা মামলা রুজু করেন।
এ প্রসঙ্গে শ্রীনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মীর নাজমুল হাসান জানান, তিন আসামীকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তিতে হত্যার রহস্য উদঘাটন করা হয়। মামলার প্রধান আসামীসহ অপর আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত