মুন্সীগঞ্জে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রত্যেককে ৫ কেজি উফশী বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি আরো ১০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। মোট ৪০০ জন কৃষক-কৃষাণীর মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির মুন্সীগঞ্জ সদরের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারজানা আক্তার৷ এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন ও কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা।