প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
সিরাজদীখানে লাঙল বিক্রি জমজমাট
আব্দুল্লাহ আল মাসুদ
ট্রাক্টর কিংবা পাওয়ার টিলারের যুগে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙল। তবু মুন্সীগঞ্জের সিরাজদীখানে এখনো লাঙলের কদর কমেনি। আলু রোপণের মৌসুম ঘনিয়ে আসায় উপজেলার হাটবাজারে চলছে লাঙল কেনাবেচার ব্যস্ততা। লাঙল কিনতে হাটে ভিড় করছেন কৃষকেরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিরাজদীখান বাজারের সাপ্তাহিক হাটে লাঙল বিক্রি করতে দেখা যায়। কৃষকেরা দরদাম করে লাঙল কিনছেন, আর বিক্রেতারাও পাচ্ছেন ভালো দাম।

উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু রোপণের জন্য জমি প্রস্তুত করতে দিন–রাত ব্যস্ত সময় পার করছেন তাঁরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ উপজেলায় আলু রোপণ শুরু হবে। তবে ইতিমধ্যে কিছু জমিতে রোপণ শুরু হয়েছে। এ কারণে লাঙল, কোদালসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জামের চাহিদা বেড়েছে। অন্যদিকে এসব সরঞ্জাম তৈরি ও হাটে সরবরাহ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্থানীয় কারিগরেরা।
কারিগরেরা জানান, একটি লাঙলের প্রধান তিনটি অংশ,শরীর, ঈষ ও ফাল। ফাল তৈরি হয় লোহা বা ধাতব পদার্থ দিয়ে, আর শরীর ও ঈষ কাঠ দিয়ে তৈরি করা হয়। কাঠের ধরন ও গুণমান অনুযায়ী দাম ওঠানামা করে। বর্তমানে সিরাজদীখানে সারেন্দ্র ও গাত এই দুই ধরনের লাঙল বিক্রি হচ্ছে। প্রতিটির দাম ১হাজার ৮০০ থেকে ৩হাজার টাকা।
কৃষক আব্দুল আলী বলেন, আলু রোপণ আর কিছুদিন পর শুরু হবে। তাই জমি প্রস্তুতের জন্য লাঙলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে রাখছি। গত বছরের তুলনায় এবার লাঙলের দাম একটু বেশি। আমি ২ হাজার ৫০০ টাকায় একটি লাঙল কিনেছি।
বিক্রেতা শান্ত কর্মকার বলেন, আলুর মৌসুমে সিরাজদীখান বাজারে লাঙল বিক্রি করি। লাঙল তৈরিতে বরই কাঠ ও লোহা বেশি লাগে। একটি লাঙল তৈরি করতে ১ হাজার ৮০০থেকে ২ হাজার ৫০০ টাকা খরচ হয়।
অন্য বিক্রেতা আব্দুল মান্নান বলেন, এবার লাঙল তৈরির সব ধরনের কাঁচামালের দাম বেড়েছে। তাই লাঙলের দামও একটু বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, আলু রোপণ মৌসুমে এ উপজেলায় লাঙলের ব্যাপক চাহিদা থাকে। তাই বিভিন্ন সাপ্তাহিক হাটে লাঙল বিক্রি করতে আসেন কারিগরেরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত