প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে প্রশাসনিক সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে, সাধারণ মানুষের দৈনন্দিন সরকারি সেবাগুলো এখন দৃশ্যমানভাবে ধীরগতি হয়ে পড়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অ্যাসিল্যান্ড ( সহকারি কমিশনার ভূমি) একজন কর্মকর্তা একাই তিনটি দপ্তরের দায়িত্ব পালন করছেন, আর স্বাস্থ্য খাতে সিভিল সার্জনের পদ টানা চার মাস ধরে শূন্য পড়ে আছে। এতে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রমে অচলাবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অ্যাসিল্যান্ডের কাঁধে অতিরিক্ত তিন দপ্তরের ভার.....
সদর উপজেলায় বর্তমানে নিয়মিত এসিল্যান্ডের কাজের পাশাপাশি তাকে সামলাতে হচ্ছে আরও দুই অতিরিক্ত দপ্তর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভা প্রশাসকের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি নিয়োজিত রয়েছেন। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমি রাজস্ব, নামজারি, শুনানি, বিভিন্ন অভিযানে অংশগ্রহণ—সব কাজই তার ওপর চাপছে। ফলে সময় ব্যবস্থাপনা টেনে ধরছে দপ্তরের সার্বিক কার্যক্রমকে।
সদর উপজেলার তথ্যসুত্রে জানা যায়, ২৩ অক্টোবর অবদি দায়িত্ব পালন করছেন সাবেক ইউএনও। বদলির পর থেকে টানা ১ মাস পদশূণ্য রয়েছে। নতুন একজনকে দেওয়া হলেও কি কারনে যোগদান করছেন না তা জানা সম্ভব হয়নি। দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন কর্মকর্তার পক্ষে প্রতিদিন এতগুলো দায়িত্ব সামলানো বাস্তবে খুবই কঠিন। ফাইল প্রসেস, মাঠপরিদর্শন—সবকিছুতেই দেরি হচ্ছে।”
উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষও একই সুরে কথা বলছেন। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফাইলের অগ্রগতি দেখতে পাচ্ছেন না। একজন সেবাপ্রার্থী বলেন, “অ্যাসিল্যান্ড স্যার চেষ্টা করেন, কিন্তু কাজ এত বেশি যে সময়মতো করতে পারেন না। আমরা বুঝি, কিন্তু আমাদেরও তো কাজ।”
এদিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পদে মূলদায়িত্বে রয়েছেন মারজানা আক্তার। টানা এক মাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। একই সাথে মিরকাদিম পৌরসভা দায়িত্ব ( প্রশাসক) পদে ছিলেন ইউএনও। তার বদলির কারনে ইউএনও, এবং মিরকাদিম পৌরসভা দুটো প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সহকারি কমিশনার (সদর) ভূমি কর্মকর্তাকে।
সিভিল সার্জন নেই চার মাস......
স্বাস্থ্য ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হলো সিভিল সার্জন। কিন্তু মুন্সীগঞ্জে এই পদটি টানা চার মাস ধরে শূন্য। ফলে হাসপাতালে মনিটরিং, টিকাদান কার্যক্রম, জনস্বাস্থ্য প্রকল্পের তদারকি ও সমন্বয়—সবই চলছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষা করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এক কর্মকর্তাকে দিয়ে চালানো হচ্ছে সিভিল সার্জনের কাজ।
জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান,
“সিভিল সার্জন না থাকায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হচ্ছে, বিশেষ করে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের মনিটরিং দুর্বল হয়ে পড়েছে।” সেবাগ্রহীতারা বলছেন, “ডাক্তার-নার্সরা কাজ করছেন ঠিকই, কিন্তু বড় কোনো সমস্যা হলে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এখন শূন্যতা। এতে রোগীসেবা অনিশ্চিত হয়ে উঠছে।”
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এটিএম ওবাইদুল্লাহ যিনি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে রয়েছেন। চার মাস সিভিল সার্জন না থাকায় সে পদে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই সাথে জেলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক সেটার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন - একার পক্ষে তিনটি প্রতিষ্ঠান চালানো অসম্ভব। খুব হিমসিম খেতে হয় আমাকে। আমি চাই প্রতিটি দপ্তরে সুন্দর ও পরিপাটি ভাবে কাজ হোক। দ্রুত শুন্য পদ গুলো পুরন হোক এটাই চাই।
প্রশাসনে চাপ—সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে.....
একদিকে প্রশাসন সংকুচিত হয়ে আছে জনবল ঘাটতিতে; অন্যদিকে সেবাপ্রার্থীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা যায়—ফাইলের লম্বা লাইন, প্রত্যাশার চেয়ে বেশি অপেক্ষা, আর কর্মকর্তাদের বাড়তি চাপ।
দাপ্তরিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সেবা নিতে আসা বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। স্থানীয় একজন ব্যবসায়ী বলেন—
“জেলা প্রশাসন এমনিতেই ব্যস্ত। তার ওপর পদ শূন্য থাকলে তো পরিষ্কার যে আমাদের কাজের গতি কমে যাবে।”
দ্রুত পদায়নের দাবি.....
এ অবস্থায় স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন দ্রুত পদায়ন নিশ্চিত করার দাবি তুলেছেন। তাদের মতে, প্রশাসনিক ভারসাম্য ফিরে আসলেই সেবার মান বাড়বে, আর কাজের দ্রুততা ফিরবে আগের অবস্থায়।
মুন্সীগঞ্জের প্রশাসনে যে সংকট তৈরি হয়েছে, তা শুধু অফিসের ভেতরেই সীমাবদ্ধ নয়—এর প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর। এসিল্যান্ডের ওপর বাড়তি দায়িত্ব আর সিভিল সার্জনের পদ দীর্ঘদিন শূন্য থাকার কারণে গুরুত্বপূর্ণ সেবা খাতে ধীরগতি তৈরি হয়েছে।
এখন জেলা জুড়ে মূল প্রত্যাশা—দ্রুত পদ পূরণ ও প্রশাসনিক স্বাভাবিকতা ফিরে আসুক।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানিয়েছেন, ইউএনও এবং সিভিল সার্জন পদ শূণ্য রয়েছে অনেকদিন হয়েছে। বিষয়টি আমরা অবগত। তবে নিয়মিত উপর মহলে আমরা যোগাযোগ রেখে যাচ্ছি। এ বিষয়ে কথাও হয়েছে। আশা করছি দ্রতু সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।