প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
রাজশাহী থেকে ফিরে জুয়েল দেওয়ান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মাপাড়ের দুর্গম আষারিয়াদহা ইউনিয়ন। নয়টি ওয়ার্ডে গড়া এই বিচ্ছিন্ন চরে প্রায় ১৫ হাজার মানুষের জীবন কাটছে নিত্যদিনের বঞ্চনা আর সংগ্রামে। যাতায়াতের একমাত্র ভরসা এখনো ইঞ্জিনচালিত ট্রলার। নদী পাড়ি দিয়ে মরুপথ ধরে দীর্ঘ পথ অতিক্রম করাই এই চরের মানুষের প্রতিদিনের চিত্র।
সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎবিহীন চরে রাত নামতেই নেমে আসে অন্ধকারের চাদর। সুপেয় পানির সংকট দীর্ঘদিনের, আর অধিকাংশ ঘর এখনো মাটির তৈরি। কৃষিকাজে নারী-পুরুষ সমানভাবে শ্রম দেন। বাড়ির আঙিনাজুড়ে ছোট ছোট হাঁস-মুরগির খামারই অধিকাংশ বাড়ির প্রধান জীবিকা। গ্রামের পথঘাটে শিশু-কিশোরদের খেলা-চরবাসীর জীবনের কঠিন বাস্তবতাকে ভুলে থাকার একমাত্র অবকাশ যেন।
চরের কিছু এলাকায় তরুণদের জড়ো হয়ে জুয়া খেলা ও প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যও চোখে পড়ে। সীমান্ত ঘেঁষা হওয়ায় কিছু যুবকের অবৈধ দ্রব্য পরিবহনেও জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের।
চর নওশেরার বয়স্ক চা দোকানি নূরুল ইসলাম বলেন, চরের ছেলে পুলেরা বিপথে যাচ্ছে। জুয়া-মাদক তো আছেই, সীমান্তের কারণে অবৈধ জিনিস আনা-নেওয়া হয়। থামানোর মানুষ নেই। সরকারি নজরদারি বাড়লে এসব কমবে।
জামাইপাড়ার কৃষক আলমগীর হোসেন বলেন, স্কুল আছে, কিন্তু পথঘাট এত খারাপ যে বাচ্চারা ঠিকমতো যেতে পারে না। অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। মেয়েদের অবস্থা আরও খারাপ বয়স হলেই বিয়ের কথা ওঠে। বাল্যবিবাহ এখানে বড় সমস্যা।
হবুপাড়ার গৃহবধূ মৌসুমি খাতুন জানান, চর এলাকায় স্বাস্থ্যসেবা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। জরুরি অবস্থায় রোগীকে কাঠের জলচৌকিতে রশি বেঁধে লাঠির কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে নদী পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে। নদী খারাপ থাকলে শুধু দোয়া করি, বলেন তিনি।
আষারিয়াদহা ইউনিয়নের স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মিঠুন মিয়া বলেন, চরের মানুষের জীবন প্রতিনিয়ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই। রোগব্যাধি, কুসংস্কার আর সীমাবদ্ধতার মধ্যে কাটে তাদের জীবন। আধুনিক সেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ছাড়া এ মানুষের জীবনমান বদলানো সম্ভব নয়।
তিনি আরও মনে করেন, এসডিজি অর্জন কাউকে পিছনে রেখে সম্ভব নয়। চর অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট সমাধান নিলে এই এলাকার মানুষও স্মার্ট ইকোনোমি,স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন ও স্মার্ট গভার্নমেন্টের অংশ হতে পারবে।
চরবাসীর স্বপ্ন খুব সাধারণ-নিরাপদ চলাচল, শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা ও একটু ভালো জীবন। সেই স্বপ্ন পূরণে প্রয়োজন সরকারি নজরদারি, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সেই দিনই সত্য হবে যখন চরের জীবন আর বিচ্ছিন্ন থাকবে না স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় তারাও হয়ে উঠবেন সমান অংশীদার।#