নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর শিলমন্দি গ্রামের আরিফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বিএনপি কর্নী এনায়েত হোসেনকে (৪০)
জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত-১-এ শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এনায়েত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালত বুধবার আবেদনের শুনানী
শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, মাংসের বকেয়া ৪৯ হাজার টাকা নিয়ে আরিফের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। গত ৩ জুন রাতে ভয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে যান আরিফ। পরে ১৪ জুন জসিমনগর এলাকার একটি অনাবাদি জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিফের মা ফরিদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় এনায়েতকে ২ নম্বর আসামি করা হয়।