মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এসব চুরির ঘটনা ঘটে। এতে নগদ প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ইয়াছিন মাঝির ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। অন্যদিকে প্রতিবেশী তাসলিমা বেগম ও হানিফ খালাসির বাড়ির দরজার খিল ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
পৃথক তিনটি বাড়ি থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। মাত্র এক দিনের ব্যবধানে একই গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বাড়লেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।
একই গ্রামে ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।