মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লীনা পারভীনের উদ্যোগে তাঁর প্রয়াত শ্বশুর আব্দুল খালেক ও শাশুড়ি রুশিয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা ইউনিয়নের মৌছা গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম সরোয়ার কাইউমের নিজ বাসভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
অনুষ্ঠানে প্রয়াত আব্দুল খালেক ও হাজী রুশিয়া বেগমের স্মৃতিচারণ করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে লীনা পারভীনের পক্ষ থেকে উপস্থিত মুসল্লি ও অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হলদিয়ায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার মধ্যেই লীনা পারভীনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।