শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আইসিসিবির সুপার সেল কার বাজারে বাড়ছে ক্রেতা-বিক্রেতার সাড়া ● সান্তাহারে শুভসংঘের সম্মেলন, মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ● মোগল খাবারের ঘ্রাণে, সুফি সুরের মায়ায় অন্যরকম সন্ধ্যা ● ভাওয়াইয়া শিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র ● মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ● মুন্সীগঞ্জে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে ▫️বুধবার আক্রান্ত ২৭১০ জন ● ফেসবুক পেজে কামরুজ্জামান রতন এমপির স্ট্যাটাস ● মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মিট দ্যা প্রেসে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ● মুন্সীগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেলা গার্ল গাইডস ক্যাম্প ● জেলায় ২৫০০ ছুঁই ছুঁই করছে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

আব্দুল্লাহ আল মাসুদ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:৫০ এ এম
সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি
 
মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রকৃত ঠিকানা গোপন করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার পদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে মো. জাকির হোসেনের বিরুদ্ধে। তাঁর প্রকৃত বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মাধবপুর (পাট) এলাকায়। তবে চাকরির ক্ষেত্রে তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ঠিকানা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
 
অনুসন্ধানে জাকির হোসেনের নামে তিনটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি পরিচয়পত্রে তাঁর প্রকৃত ঠিকানা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাধবপুর (পাট), ডাকঘর মাধবপুর, পোস্টকোড ৮৬২১ উল্লেখ রয়েছে। অন্য দুটি পরিচয়পত্রে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের ঠিকানা ব্যবহার করা হয়েছে। এসব কার্ডে পোস্টকোড ১৫৪২ উল্লেখ রয়েছে। তিনটি কার্ডেই একই পরিচয় নম্বর রয়েছে।
 
জাতীয় পরিচয়পত্রগুলোর মুদ্রণের তারিখেও ভিন্নতা দেখা গেছে। একটি কার্ডে ২৯ অক্টোবর ২০১৩, অন্যটিতে ১০ অক্টোবর ২০২৩ এবং তৃতীয়টিতে ৩০ আগস্ট ২০২৫ তারিখ উল্লেখ রয়েছে। একই পরিচয় নম্বরের বিপরীতে ভিন্ন ঠিকানার কার্ড কীভাবে ব্যবহার করা হয়েছে এবং সেগুলো বৈধভাবে ইস্যু করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার পদে নিয়োগ বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট রিসোর্স সেন্টারের দুই কিলোমিটারের মধ্যে তাঁর স্থায়ী বাসস্থান থাকতে হবে।
 
অভিযোগ রয়েছে, জাকির হোসেনের প্রকৃত ঠিকানা পটুয়াখালী হওয়া সত্ত্বেও দক্ষিণ তাজপুর গ্রামের ঠিকানা ব্যবহার করে তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন।
 
জাকির হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
 
এ ছাড়া নিয়মিত অফিস না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তাঁর অফিসের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে তিনি কোনো দিনই দুপুর ২টা পর্যন্ত অফিস করেন না। রিসোর্স সেন্টারের কাছাকাছি তাঁর থাকার কথা থাকলেও তিনি প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে থাকেন বলে অভিযোগ উঠেছে।
 
স্থানীয় আলেমদের দাবি, গত তিন বছর ধরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও ইসলামিক ফাউন্ডেশন থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, অনিয়মের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাসে কয়েক দিন অল্প সময় অফিস করে পুরো মাসের হাজিরা দেখিয়ে সরকারি বেতন নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
 
এ ছাড়া সিরাজদীখান উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মো. ইসরাফিল আহমদের সহযোগিতা ছাড়া জাকির হোসেনের নিয়মিত অফিস না করার সুযোগ পাওয়ার কথা নয় বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, বিষয়টিতে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে। 
 
উপজেলা মোড়ের আলহেরা মাদ্রাসার সুপার মাওলানা শেখ আব্দুল জলিল বলেন, জাকির হোসেনের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা হয়েছে কি না, একই পরিচয় নম্বরের বিপরীতে ভিন্ন ঠিকানার কার্ড কীভাবে তৈরি হয়েছে, নিয়োগের সময় দাখিল করা কাগজপত্র ও স্থানীয় বাসিন্দা হিসেবে দেওয়া সনদের সত্যতা এবং দক্ষিণ তাজপুরের ১ নম্বর ওয়ার্ডে তাঁর স্থায়ী বসবাস রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
 
তিনি আরও বলেন, আমাদের এই এলাকায় কি শিক্ষিত আলেমের অভাব পড়েছে যে সরকার অন্য এলাকার লোকদের চাকরি দিতে হবে?
 
মাওলানা শেখ আব্দুল জলিল বলেন, সিরাজদিখান উপজেলায় অনেক শিক্ষিত আলেম বেকার রয়েছেন। তাঁদের চাকরির সুযোগ দেওয়া প্রয়োজন। জাতীয় পরিচয়পত্রের তিনটি কার্ডের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত করে তাঁর নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
 
এ বিষয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহীন সরদার জানিয়েছেন, অভিযুক্ত জাকির হোসেন ওই এলাকার বাসিন্দা নন।
 
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, জাকির হোসেনের নামে ইউনিয়ন পরিষদ থেকে কোনো চেয়ারম্যান সনদ দেওয়া হয়নি। তাঁর নামে সনদ দেওয়ার বিষয়টি সত্য নয়। তাঁর কাছে চেয়ারম্যান সনদ থাকলে সেটি কম্পিউটারে তৈরি করা হয়ে থাকতে পারে,ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া নয়।
 
এ বিষয়ে অভিযুক্ত ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. জাকির হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইসরাফিল আহমেদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। যখন তাঁর নিয়োগ হয়েছিল, তখন আমি এখানে ছিলাম না। তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে তাঁর তিনটি জাতীয় পরিচয়পত্রের বিষয়ে আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। কী কারণে তাঁর তিনটি জাতীয় পরিচয়পত্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব, যাতে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)