মুন্সীগঞ্জে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাজস্ব আদায়ের সার্বিক অগ্রগতি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব আদায়ে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক রাজস্ব আদায়ের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তদপ্তর সমন্বয় বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের রাজস্ব আদায়ের অগ্রগতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।